সাবেক মন্ত্রী এবং বিএনপি র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, তরুণরাই জাতির ভবিষ্যৎ। বাংলাদেশকে বিশ্বের রোল মডেল হিসেবে গড়ে তুলতে হলে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। গণতন্ত্রহীন বাংলাদেশে মানবাধিকার, সুশাসন এবং প্রকৃত অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে মনন এবং মেধাশীলতায় তরুণ সমাজকে গড়ে তুলতে হবে। প্রবীণদের দায়িত্বশীল ভূমিকা তরুণদের সুগঠিত করতে সহায়তা করবে।
সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস এন্ড প্রসপারিটি সোসাইটি কর্তৃক ‘জাতীয় স্বার্থ রক্ষায় তরুণ সমাজের ভূমিকা’ শীর্ষক এক ওয়েবিনারে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ড. সাজ্জাদুল হক এর সভাপতিত্বে ও সঞ্চালনায় আজ ৩০ নভেম্বর এ ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।
ড. আব্দুল মঈন খান বলেন, জাতীয় স্বার্থরক্ষা, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ও মর্যাদা ফিরিয়ে আনতে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের গঠনে জনগণকে ঐক্যবদ্ধ করে যুগপৎ আন্দোলন করতে হবে। আর এ আন্দোলনে নেতৃত্ব দিতে তরুণদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অংশ নিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, তরুণদেরকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের ভূ-রাজনীতিকে উপলব্ধি করতে হবে। সীমান্তে-হত্যা বন্ধে, ন্যায্য পানির হিস্যা, রোহিঙ্গা সমস্যা সহ প্রভৃতি সমস্যার সমাধান কল্পে দেশের তরুণ সমাজকে শত্রু-মিত্র চিহ্নিত করে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থি সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে।
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক বলেন, বাংলাদেশের প্রায় ৬৬ ভাগের বেশি জনসংখ্যাই হল তরুণ। তাদেরকে জ্ঞানার্জন এবং আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থ উপলব্ধি করার জন্য যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশে ভারতের সাথে চুক্তি মোতাবেক করা হচ্ছে তা যে ক্ষতিকর তা তরুণ সমাজকে বুঝতে হবে। এছাড়া আমাদের দেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে পারমাণবিক বর্জ্য অপসারণের বিষয়টি যে এখনো ধোয়াশাপূর্ণ তা নিয়ে তরুণ সমাজকে প্রশ্ন তুলতে হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু বলেন, নব্বই এর গণআন্দোলনে তরুণ সমাজের নেতৃত্ব ছিল, কিন্তু আজ তরুণ সমাজ গণতন্ত্রহীন, মানবিক মূল্যবোধহীন বাংলাদেশে সরকার দলীয় এবং পুলিশি নির্যাতনের কারণে যথাযথভাবে রাজনীতিতে ভূমিকা পালন করতে পারছে না। তিন বারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া তার এই অন্তিম মুহুর্তে চিকিৎসার অধিকার থেকে যে বঞ্চনার শিকার হচ্ছেন সে বিষয়ে আপামর তরুণ সমাজকে ভাবতে হবে।
বিশিষ্ট লেখক এবং গবেষক কর্ণেল (অব) আশরাফ আল দ্বীন বলেন, বাংলাদেশের তরুণ সমাজের যে আইডেন্টিটি ক্রাইসিস তা দূর করতে হলে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হবে। এদেশের তরুণদের বুঝতে হবে গণতন্ত্রহীণতাই হচ্ছে স্বাধীনতাহীনতা। ধর্মহীনতা এবং ভারতীয় বিনোদন জগতের নেতিবাচক বিষয়গুলো দূর করতে এবং বাংলাদেশের সীমান্তে ভারতের সহায়তায় স্থাপিত মাদকের কারখানা সমূহ বন্ধ করতে সরকারের উপর চাপ সৃষ্টি করতে এদেশের তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এল ডি পি নেতা শাহাদাত হোসেন সেলিম তার বক্তব্যে বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতা নিয়ে বর্তমানে যে তামাশা চলছে, সরকারের সেই তামাশা প্রতিরোধে বাংলাদেশের তরুণ সমাজকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার শিমুল তার বক্তব্যে বলেন, এ দেশের তরুণরা এখন ভোট দিতে পারছে না। তাই গণতান্ত্রিক চেতনা ভূলুন্ঠিত হচ্ছে। তিনি আরও বলেন- সীমান্তে হত্যা, নদীর পানির হিস্যা ঠিকমত না পাওয়া, ইউরোপে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে জি এস পি প্রাপ্তির বিষয়ে, মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের অনিশ্চয়তা, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সরকারের নিশ্চুপতা, সার্ককে নিষ্ক্রিয় করে রাখার বিষয়ে ভারতকে সহযোগিতা করা সহ নানাবিধ বিষয়ের বিরুদ্ধে বাংলাদেশের তরুণ সমাজকে আরও সাহসিকতার সাথে ভূমিকা পালন করতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাবিলা চৌধুরী তার বক্তব্যে বলেন, বর্তমানে তরুণ সমাজের যে রাজনীতি বিমুখতা তা দূর করতে হবে। রাজনৈতিক নেতৃত্বকে তরুণ সমাজকে স্বার্থ সিদ্ধির কাজে ব্যবহার করা যাবে না। সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধে বাংলাদেশী সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। বাংলাদেশের মানুষ যেখানে সুপেয় পানি পাচ্ছে না, সেখানে ফেনি নদীর পানি ত্রিপুরাতে বর্তমান সরকার দিয়ে দিচ্ছে, সে বিষয়ে সরকারকে প্রশ্ন করতে হবে বলে তিনি মনে করেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051