
রাজধানীর ক্যান্টনমেন্টস্থ সোতোকান কারাতে একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী (২৩ ও ২৪ অক্টোবর) নারীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালার আয়োজন করেছে ‘ইউনাইটডে অ্যাকশন ফাউন্ডশেন’ নামের একটি অলাভজনক সংগঠন।
সাম্প্রতিককালে দেশে নারীদের উপর ঘটে যাওয়া ধর্ষণ, নির্যাতন এবং যৌন নিপীড়ন ভয়াবহ রূপ ধারন করায় নারীদের সুরক্ষার বিষয়টি এখন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। অন্যের অথবা রাষ্ট্রের মুখাপেক্ষী হয়ে না থেকে, নারীদের প্রতি এসব ধর্ষণ, নির্যাতন এবং যৌন নিপীড়ন বন্ধ করতে সর্বপ্রথম ঘুরে দাঁড়াতে হবে নারীদের নিজেদেরই। যা সম্ভব নিজেদের প্রতি হওয়া অত্যাচার, নির্যাতন শুরতেই রুখে দেওয়ার মানসিকতা ও শারীরিক সামর্থ্যের মাধ্যমে।
সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রেখে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র নারীদের জন্য দুই দিনব্যাপী আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন সম্পন্ন করেছে ‘ইউনাইটেড অ্যাকশন ফাউন্ডেশন’। বিরূপ আবহাওয়াকে উপেক্ষা করে ইউনাইটেড অ্যাকশন ফাউন্ডেশন’ এর সদস্যবৃন্দ তাদের দৃঢ় সংকল্প ও প্রচেষ্টার মাধ্যমে কর্মশালাটি সফলভাবে সম্পন্ন করেন। প্রশিক্ষণটি পরিচালনা করেন, বাংলাদেশ কারাতে ফেডারেশন এর কার্যনির্বাহী সদস্য, মোঃ আফজাল ইসলাম। কর্মশালায় বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি থেকে নারীদের নিজেকে রক্ষা করার জন্য বিভিন্ন কৌশল সম্পর্কে প্রাথমিক ধারণা ও প্রায়োগিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
সংগঠনটি জানায়, নারীদের জন্য এই বিশেষ কর্মশালাটি আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা ও আত্মরক্ষা বিষয়ক প্রশিক্ষণের প্রতি তাদের আগ্রহী করে তোলা।
সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা এবং কার্যক্রম পরিচালক রিয়াদ হোসেনের সাথে কথা বলে জানা যায়, ‘ইউনাইটেড অ্যাকশন ফাউন্ডেশন’ মূলত একটি অলাভজনক সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠান, যা বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। করোনাকালেও ত্রান সহায়তার পাশাপাশি কর্মহীন মানুষদের কর্মসংস্থানে সহায়তা করেছে।
সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে তিনি জানান, স্বেচ্ছাসেবামূলক সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি ভবিষ্যতে পরিবেশ সুরক্ষা নিয়েও কর্মপরিকল্পনা আছে তাদের সংগঠনের।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ