নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘুষ নিতে এসে আটক হয়েছেন দুদকের চাকরিচ্যুত এক পুলিশ সদস্য। তার নাম ইমরান হোসেন হায়দার (৪০)। তার কাছ থেকে দুদকের একটি পরিচয়পত্র (আইডি কার্ড) উদ্ধার করেছে পুলিশ। যাতে লেখা রয়েছে ‘ মো. ইমরান হোসেন হায়দার, কোর্ট সহকারী (এএসআই) দুর্নীতি দমন কমিশন’।
রোববার রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লা থানার কায়েমপুর ফকির গার্মেন্টসের সামনে থেকে তাকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তার দুই সহযোগী সেলিম ও তানজিল পালিয়ে যায়।
ভুক্তভোগী ওয়াবদারপুল এলাকার প্রিন্টিং ব্যবসায়ী নাদির সরদার জানান, দেড় মাস আগে আটক ইমরান হায়দার একটি গাড়ি নিয়ে তার প্রতিষ্ঠানে আসে। এবং দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে বলে ‘আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আপনি দুর্নীতির মাধ্যমে ব্যবসা করে আসছেন।
নানা ভয় দেখিয়ে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। একপর্যায়ে আরও ২ লাখ টাকা দাবি করেন। বিষয়টি থানা-পুলিশকে অবহিত করা হয়।
পুলিশের পরামর্শে টাকা দেয়ার আশ্বাস দিয়ে ইমরান হোসেন হায়দারকে আসতে বলা হয়। পরে টাকা নেয়ার জন্য দুই সহযোগীসহ ইমরান রোববার রাতে আসলে তাকে আটক করা হয়। তবে তার দুই সহযোগী পালিয়ে যায়।
এ ছাড়া একই এলাকার জিল্লু ব্রেড অ্যান্ড বিস্কুট বেকারীর মালিকের কাছ একই কায়দায় ১ হাজার টাকা হাতিয়ে নেন ইমরান হোসেন হায়দার।
খবর পেয়ে ফতুল্লা থানার এসআই হাফিজ ঘটনাস্থলে গিয়ে আটক ইমরান হোসেন হায়দারকে থানায় নিয়ে যান।
তিনি জানান, খোঁজ নিয়ে জানা গেছে আটককৃত ইমরান হোসেন হায়দার দুদকে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চাকরিচ্যুত।
এ ঘটনায় ভুক্তভোগী নাদির সরদার বাদী হয়ে প্রতারক ইমরান হায়দারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051