
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশ্রাফীয়া কওমি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে এখন পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ছাড়া আরও শিক্ষার্থী চিকিৎসার জন্য হাসপাতালে আসছেন।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক (আরএস) আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার বলেন, আহত শিক্ষার্থীদের চারজনের অবস্থা গুরুতর। এর মধ্যে একজন লাইফ সাপোর্টে আছে।
আইসিইউতে থাকা তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শান্তিধারা এলাকার জামিয়াতুল আশরাফিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, এ পর্যন্ত ৪৮ জন শিক্ষার্থীকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে রাখা হয়েছে। একজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেয়া হচ্ছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও রোগী আসার সম্ভাবনা রয়েছে।
কাচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার বলেন, মাদ্রাসার দ্বিতীয় তলায় লাইব্রেরিতে আগুন লাগে। এতে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আগুন নির্বাপণ করে। ধোঁয়ার কারণে ঘুমন্ত অবস্থায় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত তদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051