
নেত্রকোনা প্রতিনিধি: নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং গ্রাহক পর্যায়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা (রুফটপ সোলার) স্থাপনে উৎসাহিত করতে নেত্রকোনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আয়োজনে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম শাহীন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু।
অন্যদের মাঝে বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,জেলা চেম্বার অফ কমার্সের পরিচালক দিদারুল আলম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা,সোলার খাতে আগ্রহী উদ্যোক্তা ও বিভিন্ন অংশীজন মতবিনিময় সভায় অংশ নেন।
আলোচনায় নিরাপদ ও মানসম্মতভাবে রুফটপ সোলার সিস্টেম স্থাপন,সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর তালিকাভুক্তি এবং গ্রাহকদের কাছে সৌরবিদ্যুতের সুবিধা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন নির্বাহী প্রকৌশলী।
সভায় জানানো হয়,দেশের বিদ্যুৎ চাহিদার চাপ কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ভবনের ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি, বাণিজ্যিক, শিল্প ও অন্যান্য প্রতিষ্ঠানের ভবনে রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সোলার সিস্টেম স্থাপন এবং সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি নিয়ে এ ধরনের অবহিতকরণ ও মতবিনিময় সভা আয়োজন করছে।
সভায় অংশগ্রহণকারীরা বলেন, রুফটপ সোলারের বিস্তার হলে একদিকে গ্রাহকের বিদ্যুৎ ব্যয়ের ওপর চাপ কমতে পারে,অন্যদিকে দেশের বিদ্যুৎ ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়বে। পাশাপাশি এ খাতে দক্ষ সার্ভিস প্রোভাইডার ও নতুন উদ্যোক্তাদের জন্য কর্মসংস্থান ও ব্যবসার সুযোগও তৈরি হতে পারে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051