শুরুতে এগিয়ে গিয়ে জয়ের আশা জাগালেও দ্বিতীয়ার্ধের ব্যর্থতায় নবাগত এলচের বিপক্ষে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠে বুধবার রাতে লা লিগার ম্যাচে চ্যাম্পিয়নদের ১-১ গোলে রুখে দিয়েছে দলটি। লুকা মদ্রিচের গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ফিদেল।
লা লিগায় টানা পাঁচ ও সব প্রতিযোগিতা মিলে টানা ছয় জয়ের পর পয়েন্ট হারাল রিয়াল।
২০তম মিনিটে মার্কো আসেনসিওর দূরপাল্লার শটে বল লাফিয়ে ওঠা গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে বাধা পায়। তবে ফিরতি বল ছুটে গিয়ে হেডে জালে জড়ান মদ্রিচ। চোট কাটিয়ে ফেরা ক্রোয়াট মিডফিল্ডারের আসরে এটা তৃতীয় গোল।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে সফল স্পট কিকে সমতা টানেন ফিদেল। ডি-বক্সে আন্তোনিও বারাগানকে ডিফেন্ডার দানি কারভাহাল টেনে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
শেষ পাঁচ মিনিটে রিয়াল চাপ ধরে রাখলেও নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
১৬ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।
১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উঠেছে এলচে।
এর আগে লুইস সুয়ারেসের একমাত্র গোলে গেতাফেকে হারানো আতলেতিকো মাদ্রিদ ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল সোসিয়েদাদ। পরের দুটি স্থানে থাকা সেভিয়া ও ভিয়ারিয়ালের পয়েন্টও ২৬। তবে সেভিয়া খেলেছে ১৪ ম্যাচ।
১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে বার্সেলোনা।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051