নদীকে দূষণমুক্ত রাখতে শুধু শিল্প-কলকারখানার নয় গৃহস্থালি, মেডিকেল এবং কৃষিসহ সব ধরনের বর্জ্য ফেলা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৫ জুলাই) অনলাইন প্লাটফর্মে মেঘনা নদীর জন্য মাস্টারপ্ল্যান তৈরির লক্ষ্যে গঠিত উচ্চপর্যায়ের কমিটির ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওয়ার্কশপে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) মাস্টারপ্ল্যানের জন্য প্রণীত ইনসেপশন রিপোর্ট উপস্থাপন করেন। এতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল সিইজিআইএস।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মেঘনা নদীর দূষণরোধ, দখলমুক্ত এবং নাব্য ফিরিয়ে আনার লক্ষ্যে মাস্টার প্ল্যান প্রণয়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকার চারপাশসহ দেশের নদীগুলোতে পয়ঃনিষ্কাশন, শিল্পসহ অন্যান্য কলকারখানার বর্জ্য নিয়মিতভাবে নিক্ষেপ করায় নদীর পানি দূষিত হচ্ছে। এতে পানির গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি মাছের প্রজনন ব্যাপক বাধাগ্রস্ত হচ্ছে। তাই সরকার ঢাকা চারপাশসহ অন্যান্য নদীগুলো দখলমুক্ত, দূষণরোধ এবং নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে।
তিনি আরও বলেন, মেঘনা নদী যাতে দূষণ-দখলের কবলে না পড়ে এবং ভবিষ্যত চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবিলা করা যায় সে লক্ষ্যেই মাস্টারপ্ল্যান করা হচ্ছে। এটি প্রণীত হলে মেঘনা নদীকে রক্ষা করা সম্ভব হবে।
তাজুল ইসলাম জানান, রাজধানীতে সরবরাহের লক্ষ্যে মেঘনা নদী থেকে পানি উত্তোলন করবে ঢাকা ওয়াসা। কিন্তু কী পরিমাণ পানি তোলা হলে নদী তার স্বকীয়তা হারাবে না এ সম্পর্কে আমাদের কোনো সুনির্দিষ্ট স্টাডি রিপোর্ট নেই। এই মাস্টারপ্ল্যানে সেগুলো অন্তর্ভুক্ত করা হবে। এ লক্ষ্যে পরামর্শকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন মো. তাজুল ইসলাম।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের সঞ্চালনায় কর্মশালায় এএফডি, কেএফডব্লিউ, ইআইবি, এডিবিসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিরা ছাড়াও, বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সচিব, সরকারি দফতর-সংস্থার প্রধান এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা অংশ নেন।
উল্লেখ্য, এ বছরের শুরুতে মেঘনা নদীকে দখল, দূষণ এবং নাব্য সংকট থেকে রক্ষা করতে একটি মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ঢাকা ওয়াসার সার্বিক তত্ত্বাবধানে ইন্সটিটিউট অব ওয়াটার মডেলিং-আইডব্লিউএম এবং সেন্টার ফর এনভায়রমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) সঙ্গে চুক্তি হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051