ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানেকে দেশটির চিফ অব স্টাফ কমিটির (সিওএসসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল বুধবার ভারতের তিন বাহিনীর প্রধানের সমন্বয়ে গঠিত এই কমিটির প্রধানের দায়িত্ব গ্রহণ করেন তিনি।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্রের বরাতে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) করা প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি।
সিওএসসির প্রধান হিসেবে দায়িত্ব তুলে দেওয়ার পরের ধাপেই তাঁকে পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বা প্রতিরক্ষাপ্রধান হিসেবে নির্বাচন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গেল ৮ ডিসেম্বর হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ভারতের প্রথম প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। মূলত এরপর থেকেই ওই পদটি ফাঁকা রয়ে গেছে।
ভারতীয় গণমাধ্যম বলছে, সিওএসসি চেয়ারম্যান হিসেবে বুধবারই দায়িত্ব গ্রহণ করেছিলেন সেনাপ্রধান জেনারেল নারাভানে। ধারণা করা হচ্ছে, এরপরের ধাপেই তাঁকে সিডিএস বা প্রতিরক্ষাপ্রধান হিসেবে নির্বাচিত করা হবে।
জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর পর সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী প্রধানদের নিয়ে গঠিত সিওএসসি চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে যায়।
প্রক্রিয়াটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে পিটিআই বলছে, জেনারেল নারাভানেকে সিওএসসি চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার মূল কারণ হচ্ছে সশস্ত্র বাহিনীর তিনজন প্রধানের মধ্যে তিনিই সবচেয়ে সিনিয়র।
অপর দিকে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী গেল ৩০ সেপ্টেম্বর এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার গত ৩০ নভেম্বর তাদের দায়িত্ব গ্রহণ করেছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051