
নড়াইলের লোহাগড়া উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে একজন বিজিবি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদকসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।
আহতদের মধ্যে বিজিবি সদস্য সোহাগ শিকদারকে (৩৪) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও গুলির ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।
রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার কামঠানা-মোচড়া এলাকার রেল ব্রিজের কাছে এ গুলির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকালে কালনা-যশোর মহাসড়কের আলা মুন্সীর মোড়ে স্থানীয় বিএনপির অফিস উদ্বোধন শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চা পান করার জন্য মোটরসাইকেলযোগে লোহাগড়ার কাউড়িখোলার দিকে যাচ্ছিলেন।
নেতাকর্মীরা মোচড়ার মধ্যবর্তী রেল ব্রিজের কাছে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে একজন বিজিবি সদস্যসহ স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের তিনজন নেতাকর্মী গুলিবিদ্ধ হন।
আহতরা হলেন- করফা গ্রামের মিজান শিকদারের ছেলে বিজিবি সদস্য সোহাগ সিকদার (৩২), সোবহান শিকদারের ছেলে ও লোহাগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিথুন শিকদার (৩২) ও ওবায়দুর রহমান শিকদারের ছেলে ও লোহাগড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লিওন শিকদার (২৫)।
ঘটনার পর স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর মধ্যে গুরুতর আহত বিজিবি সদস্য সোহাগ শিকদারকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত দুজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলির বিষয়ে অস্বীকার করে তিনজন আহত হওয়ার কথা স্বীকার করেছেন। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানান।