আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজার মার্কেটের ধ্বংসস্তূপ অপসারণের কাজ আজ শুরু হবে। এরপর সেখানে ত্রিপল টানিয়ে অস্থায়ী দোকান করবেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার বঙ্গবাজার পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাংবাদিকদের এ কথা জানান।
এদিকে দুই দিন পর গতকাল বঙ্গবাজার মার্কেটের আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস। তবে এনেক্সকো টাওয়ার শপিং কমপ্লেক্স থেকে গতকালও সাদা ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। ফায়ার সার্ভিসের কর্মীদের সেখানে কাজ করতে দেখা যায়।
গতকাল সকালে বঙ্গবাজার পরিদর্শনে গিয়ে সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীরা শুক্রবারের পর থেকে আইন-কানুন মেনে অস্থায়ী ভিত্তিতে বঙ্গবাজারে ব্যবসা চালু করতে পারবেন। তিনি আরো জানান, একটি তালিকা তৈরি করা হবে এবং তিন থেকে চার দিনের মধ্যে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়া হবে। ব্যবসায়ী ও কর্মচারীদের তালিকা আলাদা থাকবে। যাঁদের স্থায়ী দোকান ছিল, তাঁরা অগ্রাধিকার পাবেন।
খোঁজ নিয়ে জানা যায়, সরকারের প্রস্তাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা রাজি। ঘটনাস্থল পরিষ্কার করার পর তারা চৌকি বসিয়ে ত্রিপল টানিয়ে নতুন করে ব্যবসা শুরু করবেন। এর পেছনের কারণ হিসেবে জানা গেছে, জায়গাটা দখলে রাখার কৌশল হিসেবেই ব্যবসায়ীরা রাজি হয়েছেন। ব্যবসায়ীরা জানান, বঙ্গবাজারের এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র হচ্ছে। তাঁদের আশঙ্কা, এই জমি অন্য কোনো সংস্থা নিয়ে যেতে পারে। এ কারণে তাঁরা সবাই একজোট হয়ে মোকাবেলা করবেন।
এ বিষয়ে বঙ্গবাজারের ব্যবসায়ী মো. হিরু গাজী জানান, ‘আমাদের ব্যবসার সুযোগ দেওয়ার কথা বলা হচ্ছে। সরকার যেভাবে সুযোগ দেবে, আমরা সেভাবেই ব্যবসাটা আবার শুরু করতে চাই।’
সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রণয়নের কাজ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বঙ্গবাজার কমপ্লেক্স মার্কেট এলাকার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দা রোকসানা চামেলী জানান, ‘দু-তিন দিনের মধ্যে বঙ্গবাজারের ধ্বংসস্তূপ পরিষ্কার করে মার্কেটের ব্যবসায়ীদের আপাতত দোকান চালুর ব্যবস্থা করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী দোকান মালিকদের জন্য ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন। আমরা প্রতিটি দোকানের কর্মচারীদেরও ক্ষতিপূরণ প্রদানের আবেদন জানিয়েছি।’
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন জানান, ‘শনিবার থেকে ব্যবসায়ীরা অস্থায়ীভাবে দোকান পরিচালনার সুযোগ পাবেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আমাকে কিছুক্ষণ আগে ফোন করে জানিয়েছেন, আগামীকাল এই জায়গা পরিষ্কার করে ফেলা হবে।’
ঘটনাস্থলের পাশে অস্থায়ী বুথ :
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় যেতে হচ্ছে না। তাঁদের সুবিধার্থে ঘটনাস্থলের কাছেই অস্থায়ী বুথ বসিয়েছে রমনা থানার পুলিশ। গতকাল এনেক্সকো ভবনের পাশেই এ বুথ বসানো হয়।
শাহবাগ ও রমনা থানার সহকারী পুলিশ কমিশনার মো. বায়জীদ এ বিষয়ে বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কষ্ট করে অভিযোগ জানাতে থানায় গিয়ে অপেক্ষা করতে হবে না। তাঁদের জন্য আমরা এখানে অস্থায়ী বুথ বসিয়েছি। ব্যবসায়ীরা এখানে তাঁদের ক্ষয়ক্ষতির বিষয় লিখিতভাবে দিতে পারবেন।’
বুথে আসা সাজেদুল নামের এক ব্যবসায়ী বলেন, ‘বঙ্গ ইসলামীয়া মার্কেটে আমার দোকান ছিল। পুড়ে সব শেষ। এ বিষয়ে লিখিত বক্তব্য দিতে এসেছি।’
তালিকায় নাম লেখাতে ভিড় :
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরিতে এনেক্সকো টাওয়ারের সামনে অস্থায়ী তথ্য ও সহায়তা কেন্দ্র স্থাপন করেছে ঢাকা জেলা প্রশাসন। গতকাল সেখানে কয়েক শ ক্ষতিগ্রস্তকে হাতে দোকানের ভিজিটিং কার্ড, ক্যাশ মেমো ও এনআইডি কার্ড নিয়ে তালিকায় নাম লেখাতে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
আলামত সংগ্রহ করল সিআইডি :
বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া এলাকা পরিদর্শন করেছে সিআইডির ক্রাইম সিন টিম। আলামত সংগ্রহের পাশাপাশি পুড়ে যাওয়া বিভিন্ন জিনিসের ছবি তোলেন তাঁরা। গতকাল বিকেল ৩টার দিকে এনেক্সকো টাওয়ারের ডান পাশে পুড়ে যাওয়া মার্কেটে সিআইডি ক্রাইম সিনের সদস্যদের আলামত সংগ্রহ করতে দেখা গেছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ‘আমরা এখানে ছয়জনের একটা দল এসেছি। এখানের পোড়া স্তূপ থেকে কিছু আলামত সংগ্রহ করেছি। কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, সেটা খুঁজে বের করার চেষ্টা করছি। আমরা এখানে ২৪ ঘণ্টা কাজ করছি।’
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051