বগুড়ার ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহকে দ্বিতীয় দফা দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। আওয়ামী লীলের বিদ্রোহী প্রার্থী হিসেবে তিনি মেয়র পদে নির্বাচনে অংশ গ্রহণ করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়। বুধবার দুপুরের দিকে ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, আগামী ৩০ জানুয়ারী ধুনট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু এই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এজিএম বাদশাহ্।
এরআগে ২০১৫ সালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করে এজিএম বাদশাহ মেয়র নির্বাচিত হয়েছেন। তখন তাকে দল থেকে বহিস্কার করা হয়। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে দলের হাই কমান্ড থেকে বিদ্রোহী প্রার্থীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন। ওই সময় তিনি আওয়ামী লীগের সদস্য পদ ফিরে পেয়েছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট করা শপথ ভঙ্গ করে বাদশাহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এ কারণে স্থায়ী বহিস্কার করার পর বাদশাহ্’র সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের আর কোন সম্পর্ক থাকলো না। এছাড়া আগামীতে তার আওয়ামী লীগের রাজনীতি করার কোন সুযোগ নেই। তাকে স্থায়ী বহিস্কারাদেশের সুপারিশপত্রটি কেন্দ্রে পাঠানো হয়েছে।
এ বিষয়ে এজিএম বাদশাহ্ জানান, তিনি ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছিলেন। ২০১৫ সালে বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন। পৌরবাসীর ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে ৩০ জানুয়ারির নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051