রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকনের ববহৃত সরকারি জীপ গাড়িতে হামলা ও তাকে প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল হাই খোকন বাদি হয়ে স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।
বৃহস্পতিবার সকালের দিকে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলা চেয়ারম্যানের অভিযোগটি থানায় সাধারণ ডাইরী (জিডি) হিসেবে রেকর্ড করা হয়েছে। এ অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকনকে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তার বাসায় রেখে চালক আনছার আলী সরকারি জীপ গাড়িটি নিয়ে গ্যারেজে রাখার জন্য ধুনট শহরের টিএন্ডটি মোড় এলাকায় পৌছে। এসময় দূর্বৃত্তরা রাস্তায় জীপ গাড়িটি থামিয়ে দরজা খুলে আব্দুল হাই খোকনকে খোঁজ করে। কিন্ত জীপ গাড়ির ভেতর চেয়ারম্যানকে না পেয়ে হামলা চালিয়ে গাড়ির ক্ষতিসাধন সহ তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায় দূর্বৃত্তরা।
এই ঘটনায় ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন বাদি হয়ে বুধবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা ও উপজেলা যুবলীগের সহসভাপতি আলিম আল-রাজি বুলেট সহ ১২ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেদায়তুল ইসলাম গামা বলেন, স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের কোন নেতাকর্মী চেয়ারম্যানের গাড়িতে কোন হামলা করেনি। পূর্ব বিরোধের জের ধরে উপজেলা পরিষদের চেয়ারম্যান নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন।
অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা ও ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, অভিযোগটির তদন্ত কাজ চলমান রয়েছে। ঘটনার সত্যতার প্রমান পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051