শরিফুল ইসলাম পেশায় ছিলেন কৃষক। লেখাপড়া মাধ্যমিকের গন্ডি পেরোননি। তবে ইচ্ছা ছিল সরকারি চাকরি করার। তাই তিনি সংগ্রহ করেন শ্যালক শফিকুল ইসলামের এসএসসি পাশের সনদ। সেই সনদে চাকরি বাগিয়ে নেন ইসলামিক ফাউন্ডেশনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রে। সেখানে প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের পাঠাদান করেছেন। কিন্ত পাঁচ বছর পর এ তথ্য ফাঁস হওয়ায় শরিফুলকে চাকরি খোয়াতে হয়েছে।
শরিফুল ইসলাম বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামের আফছার আলীর ছেলে। তার স্বপ্ন ছিল চাকরি নামের সোনার হরিন ধরার। এ অবস্থায় ইসলামিক ফাউন্ডেশনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। তখন শ্যালক শফিকুল ইসলোমের সনদ সংগ্রহ করে শিক্ষক পদে আবেদন করেন। উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মৌখিক পরীক্ষা দিয়ে তদবিরের মাধ্যমে চাকুরি বাগিয়ে নেন। তিনি শফিকুল ইসলাম নামে ২০১৫ সালের জানুয়ারী থেকে গোপালনগর উত্তরপাড়া জামে মসজিদে প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের পাঠদান করেন। প্রথমে প্রতি মাসে ৩ হাজার ও পরে ৫ হাজার টাকা এবং বছরে দুই বার ঈদ উৎসব ভাতা সহ ৫ বছরে প্রায় ৩ লাখ টাকা উত্তোলন করেন তিনি। এ বিষয়টি ডিসেম্বর মাসে জানতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে যাচাই-বাছাই করে শরিফুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়।
জানা গেছে, এ উপজেলায় ২০০৬ সাল থেকে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে। এখানে মোট ২০১টি কেন্দ্র রয়েছে। এরমধ্যে কোরআন শিক্ষা কেন্দ্র ১২৩টি, প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র ৭৭টি এবং বয়স্ক শিক্ষা কেন্দ্র ১টি।
এ বিষয়ে শরিফুল ইসলাম বলেন, শফিকুল ইসলামের হয়ে শিক্ষকতার চাকরিতে প্রক্সি দিয়েছি। এ বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুলকে চাকরি থেকে অব্যহতি দিয়েছেন। তবে শফিকুলের সনদে আমার চাকরি নেওয়ার অভিযোগটি মিথ্যা।
ইসলামিক ফাউন্ডেশন ধুনট উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার মীর আরিফ হোসাইন বলেন, তথ্য গোপন করে চাকরি করার অভিযোগে শরিফুলকে অব্যহতি দেওয়া হয়েছে। চাকরির নামে সরকারি টাকা আত্মসাতের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রত্যেক কেন্দ্রের শিক্ষকদের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, অভিযোগটি প্রমানিত হওয়ায় শরিফুলকে চাকরিচ্যুত করে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য ইসলামিক ফাউন্ডেশন বরাবর সুপারিশ পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051