বগুড়ার ধুনট উপজেলায় তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠানে আসা তাবাচ্ছুম খাতুন (৮) নামে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পারেনি পুলিশ। এ কারণে হত্যাকাণ্ডের সাথে জড়িত ঘাতক চক্র আজও ধরা ছোয়ার বাইরে রয়েছে। ফলে নিহতের স্বজনদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। নিহত তাবাচ্ছুম নসরতপুর গ্রামের বেলাল হোসেন খোকনের মেয়ে এবং পাঁচথুপি-নসরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলায় নসরতপুর গ্রামে জান্নাতুল ফেরদৌস কবরস্থানে দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে কবরস্থান কমিটির লোকজন। প্রথম দিন ১৪ ডিসেম্বর রাতে তাবাচ্ছুম দাদা-দাদির সাথে তাফসীর মাহফিল অনুষ্ঠানে যায়। সেখানে দাদা-দাদির সাথে মঞ্চের সামনে বসে তাফসীর মাহফিল শুনতে থাকে। ওই রাত ১০টার দিকে শিশুটি তার দাদার কাছ থেকে ১০টাকা নিয়ে চিপস কেনার জন্য মঞ্চের সামিয়ানার বাইরে গিয়ে নিখোঁজ হয়।
পরে অনেক খোঁজা-খুঁজির এক পর্যায়ে রাত ১টার দিকে তাফসীর মাহফিলের স্থান থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি বাঁশঝাড়ের ভেতর বিবস্ত্র অবস্থায় শিশুটির মৃতদেহ পাওয়া যায়। স্কুলছাত্রীর মৃতদেহের পাশেই পড়ে ছিল তার পরনের কাপড়। পরে ঘটনাস্থল থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃতু বলে ঘোষণা করেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় ১৫ ডিসেম্বর নিহত তাবাচ্ছুমের বাবা বেলাল হোসেন খোকন ধুনট থানায় একটি হত্যা মামলা দায়ের করে। কিন্তু ওই মামলায় কোন আসামির নাম উল্লেখ করা হয়নি। থানা পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে নসরতপুর গ্রামের দুই যুবকে ১৫ ডিসেম্বর রাতে আটক করে। তবে আটককৃতদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কোন রহস্য উন্মোচন করতে পারেনি পুলিশ। পরে ১৬ ডিসেম্বর স্বজনদের জিম্মায় তাদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা ভিন্নবার্তা ডটকমকে বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন চেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্তকরণ ও গ্রেপ্তার অভিযান চলছে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051