বগুড়ার ধুনট পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থী এজিএম বাদশাহ’র বাসায় অসৎ উদ্দ্যেশে প্রবেশের অভিযোগে মাদকাসক্ত ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার এলাঙ্গী গ্রামের নান্নু মিয়ার ছেলে সোহাগ হোসেন (২৫) ও বিপুল রায়ের ছেলে মহাশুর রায় (১৮)।
শনিবার দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার রাত প্রায় ১০টার দিকে মেয়র প্রার্থীর বাসায় প্রবেশ করে অসংলগ্ন কথাবার্তার বলার সময় তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়।
জানা গেছে, এবার তৃতীয় ধাপে ৩০ জানুয়ারী ধুনট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌর এলাকার পূর্ব ভরণশাহী বাসায় বসে মেয়র প্রার্থী এজিএম বাদশাহ ভোটারদের সাথে মতবিনিময় করছিলেন। এসময় ওই বাসায় প্রবেশ করে মাদকাসক্ত সোহাগ ও মহাশুর রায়। প্রকৃত নাম ও পরিচয় গোপন করে তারা নিজেদের পৌর এলাকার ভোটার দাবি করে সুবিধা আদায়ের জন্য মেয়র প্রার্থীর সাথে কথা বলতে চায়।
কিন্ত দুই যুবকের অসংলগ্ন কথা বার্তায় মেয়র প্রার্থীর মনে সন্দেহের সৃষ্টি হয়। এ সময় তাদের আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের প্রকৃত নাম পরিচয় প্রকাশ করে। মুলত সোহাগ ও মহাশুর রায় পৌর এলাকার ভোটার না। তারা পৌর এলাকার বাইরে প্রায় তিন কিলোমিটার দুরের বাসিন্দা। পরে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে মেয়র প্রার্থী এজিএম বাদশাহ বলেন, মাদকাসক্ত দুই যুবক অসৎ উদ্দ্যেশে আমার বাসায় প্রবেশ করেছিল। তাদের দ্বারা আমার বড় ধরণের ক্ষতির আশংকা রয়েছে। এ কারণে তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, দুই যুবক কেন মেয়র প্রার্থীর বাসায় প্রবেশ করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051