রাজধানীর খিলক্ষেতের ডুমনী এলাকায় থাকেন ইকরাম হোসেন মোল্লা ও শান্ত। ইকরাম শান্তকে বালুর ব্যবসার জন্য ২ লাখ টাকা দিলেও সঠিকভাবে ব্যবসায়ায় লাভ না দেওয়ায় ইকরাম তার অর্থ ফেরত দিতে বললে শান্ত তা না দেওয়ার পায়তারা করতে থাকে। এক পর্যায়ে সিদ্দিক নামের আরেক ব্যক্তিকে সঙ্গে নিয়ে ইকরামকে হত্যা করে। ডুমনী এলাকার কাউন্সিলর গলি ছাড়িয়ে বালুচর এলাকায় তাকে হত্যা করা হয়। এ ঘটনায় শান্ত ও সিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৭ মে) রাতে এ তথ্য জানান মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি।
তিনি জানান, গত ৫ মে বিকেল ৩ টায় খিলক্ষেত থানায় একটি হারানো জিডি হয়। খিলক্ষেতের ডুমনী এলাকা নিবাসী মো. ইকরাম হোসেন মোল্যা নামে এক যুবকের নিখোঁজ সংক্রান্তে এ হারানো জিডি করা হয়। নিখোঁজ ব্যক্তিকে বৃহস্পতিবার (৪ মে) রাত ১১ টা থেকে পাওয়া যাচ্ছে না মর্মে ভিকটিমের পরিবার জানালে খিলক্ষেত থানা পুলিশ তৎপর হয় ভিকটিমকে উদ্ধারের জন্য। পরদিন সকালেই ডুমনী এলাকার কাউন্সিলর গলি ছাড়িয়ে বালুচর এলাকায় একটি মরদেহ পাওয়া গেলে ভিকটিমের পরিবার তা শনাক্ত করে। ঘটনাস্থল থেকে খাতা সেলাইয়ের ভ্রমর, ভিকটিমকে হত্যা করার জন্য ব্যবহৃত কাটার ও ১ টি হাতুড়ি উদ্ধার করে পুলিশের দুইটি টিম একসঙ্গে কাজ করতে থাকে এ রহস্য উদঘাটনের জন্য।
তিনি বলেন, এ ঘটনায় পুলিশ দুজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ইকরাম শান্তকে বালুর ব্যবসার জন্য ২ লাখ টাকা দেয় ব্যবসায়ের জন্য। কিন্তু সঠিকভাবে লাভ না দেয়ায় ইকরাম তার অর্থ ফেরত দিতে বললে শান্ত তা না দেওয়ার পায়তারা করতে থাকে। একই সাথে সিদ্দিক নামের আরেক ব্যক্তি ইকরামের উপর ক্ষেপে ছিল। সিদ্দিকের ধারণামতে ইকরাম সিদ্দিকের মাকে তার বেপরোয়া জীবনযাপন নিয়ে বিচার দেয়। যার প্রেক্ষিতে সিদ্দিকের সাথে তার মায়ের ঝগড়া হয় এবং সিদ্দিক গত ৫ দিন ধরে বাসার বাইরে অবস্থান করতে থাকে।
শান্ত ও সিদ্দিক তাদের ক্ষোভের প্রেক্ষিতে ইকরামকে হত্যা করার পরিকল্পনা সাজায়। বৃহস্পতিবার শান্ত ইকরামকে ফোন করে ডুমনী বালুচর এলাকায় ডেকে নিয়ে আসে এবং পরিকল্পনামাফিক ভ্রমর, হাতুড়ি ও কাঁটার ব্যবহার করে ভিকটিমকে হত্যা করে। পরে মরদেহ পাশের বিলের কচুরিপানা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করে।
পুলিশ জানায়, আসামি শান্ত এরই মধ্যে রোববার (৭ মে) নিজের অপরাধ স্বীকারপূর্বক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অন্য আসামি সিদ্দিকের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051