সরকারি গুদামের মজুদ বাড়াতে খাদ্যশস্য ক্রয়ে গতি ত্বরান্বিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ বৃহস্পতিবার মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে খুলনা ও বরিশাল বিভাগের সঙ্গে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ সংক্রান্ত অনলাইন মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, সরকারের সঠিক দিক-নির্দেশনা এবং তত্ত্বাবধানে এবার কৃষক বোরো ফসলের ন্যায্য দাম পাচ্ছে। এই বাজার দর ধরে রাখতে সরকারি সংগ্রহের গতি বাড়াতে হবে। এ ছাড়া নির্দেশ মোতাবেক খাদ্যশস্যের মান যাচাই করে সংগ্রহ করতে হবে। ধান-চাল কেনায় কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী।
চালকল মালিকদের উদ্দেশে সাধন চন্দ্র মজুমদার বলেন, সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসুন। এই করোনায় মানুষকে সেবা করার উপযুক্ত সময়, সেবার মনমানসিকতা নিয়ে আপনাদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আপনারা সরকারের তালিকাভুক্ত। সবসময় সরকার আপনাদের কাছ থেকে চাল ক্রয় করে এবং এবারও আপনারা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। চালকল মালিকদের চুক্তি মোতাবেক সঠিক সময়ে চাল দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।
চাল সরবরাহের সময় বস্তার গায়ে খাদ্যগুদামের নাম, তারিখ এবং কোন খাতের এটা স্পষ্ট স্টেনসিলের মাধ্যমে অমোচনীয় কালি দিয়ে লিখতে হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি সতর্ক করে বলেন, কোনো কর্মকর্তা-কর্মচারী ধান চাল সংগ্রহের সময় কৃষকের সঙ্গে অসদাচরণ করবেন না, দুর্নীতির সঙ্গে জড়িত হবেন না।
খাদ্যমন্ত্রী বলেন, এবারের প্রকিউরমেন্ট যেন কৃষকবান্ধব হয়। চালের মান নিয়ে কোনো আপস নেই। তিনি বলেন, কোনো কৃষক যেন তাঁর স্লিপ মধ্যস্বত্বভোগী ফড়িয়াদের নিকট বিক্রি না করেন।
ভিডিও কনফারেন্সে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, খুলনা ও বরিশাল বিভাগের কমিশনার, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, খুলনা ও বরিশাল বিভাগের জেলা খাদ্য নিয়ন্ত্রক, মিল মালিক প্রতিনিধি বক্তব্য দেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051