সংখ্যায় কম হলেও আওয়ামী লীগের কর্মী হিসেবে এক নম্বর লোক চান বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। শনিবার (১২ মার্চ ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ী এলাকায় রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে এক কর্মীসভায় তিনি এ কথা বলেন।
শামীম ওসমান বলেন, সিদ্ধিরগঞ্জের প্রতিটি ওয়ার্ডে স্বাধীনতার স্বপক্ষের নেতাকর্মীদের নিয়ে কমিটি হবে। প্রতিটি ওয়ার্ডে কোনো পক্ষ-বিপক্ষ দেখবেন না। যারা শেখ হাসিনা, বঙ্গবন্ধুকে ভালবাসেন তাদের আনতে হবে। নতুনদেরও সামনে আনতে হবে। সংখ্যায় কম হলে আপত্তি নেই। তবে ধান্ধাবাজ চাই না, এক নম্বর লোক চাই।
তিনি বলেন, পদ-পদবি দিতে পারবো না। শুধু অকৃত্রিম ভালবাসা দিতে পারবো, দোয়া করতে পারবো। মুখোশ পরার রাজনীতি চাই না। নীতির প্রশ্নে যারা আপস করে মানুষ তাদের বেইমান বলে।
নারায়ণগঞ্জের এই এমপি বলেন, আপনারা নিজের খেয়ে আমার জন্য কাজ করেছেন। আমি আপনাদের প্রত্যেককে চিনতে চাই। যেন এলাকায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে বলতে পারি সবাইকে ডাকো।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি, নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহসানুল হাসান নিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051