নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ধানক্ষেতে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক নবজাতককে (ছেলে শিশু) উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যার দিকে কেন্দুয়া পৌর শহরের আদমপুর এলাকার একটি ধানক্ষেত থেকে ঐ নবজাতকটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নবজাতককে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা।
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মারিফ মাহমুদ শুভ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,ধানক্ষেতে পড়ে থাকায় নবজাতকটির শরীরে পিঁপড়া ও ময়লা লেগে ছিল। হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে নবজাতকটি সুস্থ আছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে আজকেই বাচ্চাটির জন্ম হয়েছে এবং শিশুটির ওজন ৩ কেজি। এ সময় হাসপাতালে থাকা কেন্দুয়া থানা পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোশারফ হোসেনও ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, রোববার সন্ধ্যার আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন স্থানীয় আদমপুর গ্রামের কৃষক আব্দুর রহমান হাওর থেকে বাড়ি ফেরার পথে নবজাতকটিকে একটি ধানক্ষেতে পড়ে থাকতে দেখেন। পরে ওই কৃষকের ডাক-চিৎকারে এলাকার কিছু তরুণ এগিয়ে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এদিকে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধারের সংবাদ পেয়ে শিশুটিকে দেখতে এলাকার লোকজন স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ভিড় জমান। নবজাতকটি দেখতে আসা আদমপুর গ্রামের সুমন মিয়ার স্ত্রী হাওয়া আক্তার জানান, শুনলাম ধানক্ষেত থেকে একটি ছেলে শিশু পাওয়া গেছে। এটা শুনেই শিশুটিকে দেখতে হাসপাতালে ছুটে আসলাম। আমাদের কোনো সন্তান নেই। শিশুটিকে আমাদের কাছে দত্তক দেওয়া হলে আমরা তাকে লালন পালন করতে চাই।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051