চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহা আখতারুজ্জমান চৌধুরী (কালারপুল) সেতুর ৩টি গার্ডার ধসে পড়ে তিন শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে পিলারের ওপর ক্রেনের মাধ্যমে গার্ডারগুলো স্থাপনের সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সেতুর কাজে নিয়োজিত ছিলেন তিনজন শ্রমিক। এতে আহতরা হলেন- মোহাম্মদ রবিউল (৩০), মোহাম্মদ মফিজ (২৮) ও ফেরদৌস (৪০)। তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে লোকজন হাসপাতালে নিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
উপজেলার কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ নুর জানান, শিকলবাহা খালে নির্মাণাধীন সেতুতে গার্ডার বসানোর সময় ৩টি ধসে পড়ে। এতে তিন শ্রমিক আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) দোহাজারীর নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ তিনটি গার্ডার ধসে পড়ার খবর নিশ্চিত করে বলেন, এ সেতুতে ৫টি গার্ডারের মধ্যে সর্বশেষ গার্ডারটি বসানোর সময় ক্রেনের সমস্যার কারণে একটির সঙ্গে আরেকটির মধ্যে ধাক্কা লাগলে ৩টি ধসে পড়ে। আহতরা চিকিৎসা নিচ্ছে। তিনি বলেন, ঠিকাদার নিজ খরচে আবার গার্ডারগুলো স্থাপন করবে।
তবে এ মাসে সেতুটি উদ্বোধনের কথা থাকলে ও তা আর করা সম্ভব হবে না।
জানা গেছে, ১৯৯৫ সালে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) শিকলবাহা খালের ওপর কালারপুল বেইলি সেতু নির্মাণ করে। সেতুটির দৈর্ঘ্য ছিল ৫৭০ ফুট ও প্রস্থ ১২ ফুট। ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে পণ্যবাহী বার্জের আঘাতে সেতুটির একাংশ বিধ্বস্ত হয়।
২০১৩ সালে ৪ কোটি টাকা ব্যয়ে সেতুটি সংস্কার করা হয়। ২০১৪ সালে এটি উদ্বোধন করেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুর নামে সেতুটির নামকরণ করা হয়।
পটিয়ার কোলাগাঁও ও কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন সীমান্তে এ সেতু। বর্তমানে সওজ বিভাগের অধীনে প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে গার্ডার সেতু নির্মাণের কাজ চলছে। সেতুটির নির্মাণ কাজ ছিল রানা বিল্ডার্স ও হাসান বিল্ডার্সের হাতে। তাদের কাছ থেকে কাজটি ক্রয় করে জাকির এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
এ ব্যাপারে দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন আমি এ সেতুর দায়িত্ব নেওয়ার পর সাব ঠিকাদারী বন্ধ করে দিই। বর্তমানে মূল ঠিকাদারই কাজটি করছে।
চলতি জুন মাসে সেতুটি উদ্বোধনের কথা থাকলে ও তা আবার অনিশ্চয়তায় ঝুলে যাওয়ায় উপকারভোগীরা হতাশ হয়ে পড়েছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051