বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, দেশে পরিবহন ধর্মঘট চলছে না। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় মালিকরা বাধ্য হয়ে গাড়ি চালানো বন্ধ রেখেছেন। এটাকে পরিবহন ধর্মঘট বলা যাবে না। আমরা সংগঠনের পক্ষ থেকে ধর্মঘট কর্মসূচি দেইনি। সড়কে পরিবহন মালিকরা গাড়ি নামাতে না চাইলে আমরা কি করব? চালকরাও অসহায়। শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে তিনি এসব কথা বলেন।
বিকেলে তিনি সাংগঠনিক কাজে ঢাকা থেকে সড়কপথে কুষ্টিয়া যাচ্ছিলেন। এসময় মুঠোফোনে আলাপকালে শাজাহান খান বলেন, সারাদেশে গাড়ি চালানো বন্ধ রাখার পরিস্থিতি নিরসনে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা সমস্যা সমাধানের জন্য সবাই চেষ্টা করতে পারি। দ্রুত সমস্যার সমাধান হোক এটাই আমরা চাই। আমরা আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করতে চাই সরকারকে।
ডিজেলের দাম হঠাৎ করে বাড়ানোয় পরিবহন মালিকরা কর্মসূচি পালন করছেন বলে তিনি উল্লেখ করেন। এক্ষেত্রে ডিজেলের দাম বৃদ্ধির সঙ্গে পরিবহন ভাড়া সমন্বয় করে সমস্যার সমাধান করা যায় বলে তিনি মনে করেন।
জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী শুক্রবার সন্ধ্যায় বলেন, রোববারের আগে গাড়ি বন্ধ রাখার পরিস্থিতির সমাধান হবে বলে মনে হচ্ছে না। রোববার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সদর কার্যালয়ে এ সংক্রান্ত একটি বৈঠক হবে। বৈঠক থেকে সমস্যার সমাধান আসতে পারে। আমরা সংগঠনের পক্ষ থেকে ধর্মঘট বা কোনো কর্মসূচি আহ্বান করিনি। সারাদেশের সড়ক পরিবহন শ্রমিকরা মালিকদের কর্মসূচি পালনে সহায়তা করছেন। পরিবহন মালিকরা গাড়ি না চালানোর কারণে লাখ লাখ পরিবহন শ্রমিক বেকার হয়ে পড়েছেন। সাধারণ যাত্রীরাও রাস্তায় দুর্ভোগে পড়েছেন। দ্রুত সমস্যা সমাধান হওয়া দরকার।
পরীক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। তবে বাস ও পণ্যবাহী যানবাহন মালিকদের একাধিক সংগঠন সূত্রে জানা গেছে, শনিবারের পর সমস্যার সমাধান আসতে পারে। তার আগে তারা গাড়ি চালানো বন্ধ রাখবেন।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) সূত্রে জানা গেছে, সাধারণ যাত্রীদের পরিবহনের জন্য সংস্থার বাস সারাদেশে চলাচল করছে। বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, রাজধানী ঢাকাসহ সারাদেশে আমাদের বিআরটিসির বাস যাত্রী পরিবহন করছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051