দেশের ধনী পরিবারের তুলনায় দরিদ্র পরিবারের ওপর মূল্য সংযোজন করের (ভ্যাট) চাপ প্রায় সাত গুণ বেশি। সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবার তাদের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশ ভ্যাট হিসেবে পরিশোধ করে। বিপরীতে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ক্ষেত্রে আয়ের মাত্র ২ দশমিক ৮০ শতাংশ ব্যয় হয় ভ্যাট পরিশোধে। বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
গবেষণার তথ্য অনুযায়ী, আয়কর পরিশোধের ক্ষেত্রেও ধনী ও দরিদ্র পরিবারের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবার তাদের আয়ের ১১ দশমিক ০৩ শতাংশ আয়কর হিসেবে দেয়। অন্যদিকে দরিদ্র পরিবারগুলোর আয় সাধারণত করযোগ্য আয়ের সীমার নিচে থাকায় তাদের আয়কর দিতে হয় না।
গবেষণায় দেখা গেছে, গ্রামাঞ্চলের সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর আয়ের ২৩ শতাংশের বেশি ভ্যাট হিসেবে চলে যায়। শহরাঞ্চলের দরিদ্র পরিবারগুলোর ক্ষেত্রে এ হার ১৬ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ শহরের তুলনায় গ্রামীণ দরিদ্র পরিবারগুলোর ওপর ভ্যাটের চাপ আরও বেশি।
ব্যক্তিগত আয়করের বড় অংশ বহন করে উচ্চ আয়ের পরিবারগুলো। গবেষণায় বলা হয়েছে, দেশের সবচেয়ে দরিদ্র ৭০ শতাংশ পরিবারের কার্যত কোনো ব্যক্তিগত আয়কর নেই। তাদের আয় করযোগ্য সীমার নিচে থাকায় এ শ্রেণির পরিবারগুলোকে প্রায় কোনো আয়কর দিতে হয় না।
অন্যদিকে দেশের সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ পরিবার মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি ভোগ করে। প্রচলিত করহার অনুযায়ী, সম্ভাব্য ব্যক্তিগত আয়করের ৯৩ শতাংশের বেশি এই পরিবারগুলোর কাছ থেকে আসার কথা।
র্যাপিডের গবেষণায় আরও বলা হয়েছে, দেশে ব্যক্তিগত আয়করের আওতায় সক্রিয় করদাতার সংখ্যা অত্যন্ত সীমিত। মোট শ্রমশক্তির মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ ব্যক্তি সক্রিয় আয়করদাতা হিসেবে নিবন্ধিত। কর শনাক্তকরণ নম্বরধারীদের (টিআইএন) মধ্যেও রিটার্ন জমা দেওয়ার হার সন্তোষজনক নয়। ব্যক্তি ও অন্যান্য শ্রেণির ক্ষেত্রে রিটার্ন জমার হার ৪৩ দশমিক ১ শতাংশ। কোম্পানির ক্ষেত্রে এ হার মাত্র ২৩ দশমিক ৬ শতাংশ। ফলে বিপুল পরিমাণ সম্ভাব্য করযোগ্য আয় কার্যকর করব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে।
ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের সহযোগিতায় ‘মিসিং রেভিনিউ ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকুয়েন্স’ শীর্ষক গবেষণাটি পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক।
গবেষণায় দেশের আয় ও সম্পদ বণ্টনের বৈষম্যের চিত্রও তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, আয়ের তুলনায় সম্পদের বণ্টনে বৈষম্য আরও বেশি। দেশের সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের হাতে রয়েছে মোট প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৪৭ দশমিক ৪ শতাংশ। শীর্ষ ১০ শতাংশ পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে মোট সম্পদের ৭৬ দশমিক ৪ শতাংশ। বিপরীতে সবচেয়ে কম সম্পদের মালিক অর্ধেক পরিবারের হাতে রয়েছে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ সম্পদ।
গবেষণায় বলা হয়েছে, নতুন কোনো কর আরোপ কিংবা বিদ্যমান করহার না বাড়িয়েও রাজস্ব আদায় উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো সম্ভব। এ জন্য বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগ, করের আওতা সম্প্রসারণ এবং কর ফাঁকি বন্ধ করতে হবে। এসব উদ্যোগ কার্যকর করা গেলে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত ২০২৩ সালের ৭ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে প্রায় ১৩ দশমিক ৫ শতাংশে উন্নীত করা সম্ভব।
গবেষণার প্রাক্কলন অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে শুধু অনাদায়ী ব্যক্তিগত আয়কর ও অভ্যন্তরীণ ভ্যাটের পরিমাণ ছিল জিডিপির ৫ দশমিক ৮৯ শতাংশ। ওই সময়ে ব্যক্তিগত আয়কর থেকে সম্ভাব্য রাজস্ব আদায়ের পরিমাণ ছিল জিডিপির ৪ দশমিক ৮৫ শতাংশ। অথচ প্রকৃত আদায় হয়েছে মাত্র ০ দশমিক ৯৮ শতাংশ।
অন্যদিকে অভ্যন্তরীণ ভ্যাট থেকে সম্ভাব্য রাজস্ব আদায়ের হার ছিল জিডিপির ৩ দশমিক ৮২ শতাংশ। বিপরীতে প্রকৃত আদায় হয়েছে ১ দশমিক ৮০ শতাংশ। তবে এ হিসাবের মধ্যে করপোরেট আয়কর ও আমদানি পর্যায়ের ভ্যাট অন্তর্ভুক্ত করা হয়নি।
র্যাপিডের গবেষণায় বলা হয়েছে, ব্যবসাপ্রতিষ্ঠানের অপর্যাপ্ত নিবন্ধন, বিক্রির তথ্য গোপন এবং ক্রেতাদের কাছ থেকে আদায় করা ভ্যাট সরকারি কোষাগারে জমা না দেওয়ার মতো অনিয়মের কারণে প্রত্যাশিত রাজস্ব আদায় হচ্ছে না। করের হার না বাড়িয়ে কর পরিপালন নিশ্চিত করা এবং কঠোর নজরদারি বাড়ানোর মাধ্যমে সরকারের রাজস্ব আয় বাড়ানোর সুযোগ রয়েছে।
রাজস্ব আহরণের ক্ষেত্রে শুধু কত টাকা আদায় হলো, তা দিয়ে সাফল্য বিচার করা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক। তিনি বলেন, করব্যবস্থা কতটা ন্যায্য ও স্বচ্ছ, করদাতারা কতটা হয়রানিমুক্ত এবং করের বিনিময়ে জনগণ কতটা মানসম্মত সরকারি সেবা পাচ্ছেন, সেসব বিষয়ও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
রাজস্বব্যবস্থার উন্নয়নে কয়েকটি সুপারিশও তুলে ধরেছেন গবেষকরা। এর মধ্যে রয়েছে উচ্চ আয়ের ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে আয়করভিত্তি সম্প্রসারণ, ভ্যাট আদায়ব্যবস্থার উন্নয়ন, করপোরেট কর অব্যাহতির বিষয়টি পর্যালোচনা এবং উত্তরাধিকার কর চালুর সম্ভাবনা বিবেচনা করা।
এ ছাড়া কর আদায়ে জবরদস্তিমূলক পদ্ধতি বন্ধ, কর প্রশাসনের আধুনিকায়ন এবং সরকারি ব্যয়ের গুণগত মান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তারা। একই সঙ্গে করদাতাদের হয়রানি বন্ধ, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং কার্যকর অভিযোগ প্রতিকারব্যবস্থা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।
গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে শনিবার রাজধানীর একটি হোটেলে আলোচনা ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও তথ্যপ্রযুক্তি) সৈয়দ মুশফিকুর রহমান, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051