উন্নয়নে বিশ্বে বাংলাদেশ বিস্ময়ের নাম উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দ্রুত প্রবৃদ্ধি লাভ করছে দেশের এভিয়েশন ও পর্যটন শিল্প। এ দুটি শিল্পে বেড়েছে বিনিয়োগ। উন্নয়ন ও সমৃদ্ধির মধ্য দিয়ে বাড়ছে দেশের আকাশ পথের পরিধি। বাংলাদেশ এখন দ্রুত উন্নয়নশীল প্রথম ৫টি দেশের মধ্যে একটি।
সোমবার (২৯ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশের অর্জন’ শীর্ষক সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে বিমান পরিবহন অবকাঠামোর যুগোপযোগী উন্নয়ন ও সম্প্রসারণের কাজ চলছে। প্রধানমন্ত্রীর ঐকান্তিক আগ্রহে বাংলাদেশ এয়ারলাইন্স আজ ২১টি অত্যাধুনিক উড়োজাহাজ সমৃদ্ধ বহরের অধিকারী। দেশের পর্যটন শিল্পের গুণগত মানের উন্নয়নের জন্য চলছে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ।
মো. মাহবুব আলী আরও বলেন, স্বাধীনতা থেকে শুরু করে গত ৫০ বছরে বাংলাদেশের যা কিছু মহান অর্জন তার সবই এসেছে বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার হাত ধরে। স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়েছেন স্বাধীন দেশ, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা পেয়েছি উন্নয়নশীল বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাথাপিছু গড় আয় বেড়ে দুই হাজার ৫৫৪ ডলারে দাঁড়িয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, জাতির পিতা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হচ্ছে তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের মাধ্যমে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ মহাকাশ বিজ্ঞানের যুগে প্রবেশ করেছে বলে জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051