
দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি এক্স-রে মেশিন থাকলেও টেকনিশিয়ান না থাকায় মেশিনগুলোর কার্যক্রম চালু করা যাচ্ছে না। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ রোগীদের। ফলে টেকনিশিয়ান না থাকার কারণে দীর্ঘ ১৩ বছর ধরে তালা ঝুলছে এক্স-রে কক্ষটিতে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সরকারিভাবে ২০০৮ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এক্স-রে মেশিন দেওয়া হয় । মেশিনটি আসার পর থেকে এক বছর চললেও তারপর থেকে টেকনিশিয়ান না থাকায় দীর্ঘ প্রায় ১৩ বছরেও এটি চালু করা হয়নি। চলতি বছরের দিকে সরকারিভাবে আরও একটি ডিজিটাল এক্স-রে মেশিন দেওয়া হলে, সেটিও টেকনিশিয়ান না থাকায় এখনও চালু হইনি। ফলে এক্স-রে কক্ষটি এখন পর্যন্ত তালাবদ্ধ রয়েছে। বর্তমানে টেকনিশিয়ান না থাকায় এটিও নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
হাসপাতালে এক্স-রে করতে আসা এক রোগী জানান, ‘এক্স-রের কোনো ব্যবস্থা না থাকায় জটিল কোনো সমস্যা হলে ডাক্তাররা আমাদের বাইরের কোনো ডায়াগনস্টিক সেন্টারে এক্সে-রে করার জন্য পাঠান। ফলে উন্নতমানের এক্স-রে করতে দ্বিগুণ অর্থ খরচ করতে হয়। সকলের একই দাবি আর কত দিন পর এক্স-রে কক্ষটির তালা খুলবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আনিসুর রহমান বলেন, বর্তমানে ডিজিটাল এক্স-রে মেশিনটিও টেকনিশিয়ান না থাকায় চালু করা যাচ্ছে না। এ বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনবলের জন্য চিঠি পাঠানো হয়েছে । আশা করি দ্রুত সমস্যাটি নিরোসন হবে।
ভিন্নবার্তা/এমএসআই