তারিকুল ইসলাম, ভোলা সদর : নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহারে বাধ্য করায় ভোলার দৌলতখানে এক ইউপি সদস্য প্রার্থী কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছেন। সোমবার (৮ নভেম্বর) তিনি নিজ বাড়িতে বসেই আত্মহত্যার চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
এ ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আত্মহত্যার চেষ্টাকারী ইউপি প্রার্থী মিলন চৌধুরী দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে ফুটবল প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।
ইউপি সদস্য প্রার্থী মিলনের ভাই আরিফুর রহমান বলেন, সোমবার (৮ নভেম্বর) বিকেলে ৬ নম্বর ওয়ার্ড থেকে বশির আমিন, সত্তার ও চৌধুরী মেম্বার এসে (মিলনকে) নির্বাচন থেকে সরে যেতে বলে। তারা বলে, ইউনিয়ন আ’লীগ থেকে বলা হয়েছে মিলন চৌধুরী নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহার না করলে যদি কোনো সহিংসতা ঘটে তাহলে সে দায় ইউনিয়ন আ’লীগ নিবে না। এতে রাগে ক্ষোভে অভিমানে নিজের ঘরে ঢুকে জানালা বন্ধ করে কীটনাশক পান করেন।
ইউপি সদস্য প্রার্থী মিলনের ছেলে এমরান হাসান অপি বলেন, আমার বাবার ৮০ ভাগ জনসমর্থন রয়েছে, তিনি এর আগেও ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। প্রতিপক্ষ প্রার্থী গিয়াস উদ্দিন কৌশলে আ’লীগের নাম ভাঙ্গিয়ে এ ঘটনা ঘটিয়েছেন।
সদস্য প্রার্থী মিলন বলেন, ইউনিয়ন নেতৃবৃন্দরা এসে আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ দিচ্ছেন। আমি এতদিন ধরে এলাকায় গণসংযোগ করে এলাকায় আমার ব্যাপক সমর্থন তৈরি করেছি। আমি যদি নির্বাচন থেকে সরে যাই তাহলে জনগণকে জবাব দেওয়ার কিছু থাকবে না আমার। তাই রাগে ক্ষোভে আত্মহত্যা করার চেষ্টা করেছি। এছাড়া আমার আর কোনো পথ ছিল না।
ভোলা সদর মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051