ধর্ষণ বন্ধ এবং ধর্ষণকারীদের বিচার দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে চলছে রাষ্ট্রীয় অনাচার। আজ কোনো নিরাপত্তা নেই। তাই অবৈধ সরকার ও অনাচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ওলামা দলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন, ধর্মীয় মূল্যবোধ ও আজকের প্রেক্ষাপট শীর্ষক এই আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওলামা দলের আহ্বায়ক শাহ মাওলানা নেছারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব নজরুল ইসলাম তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।
রিজভী বলেন, আজ সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় যারা দখল করে বসে আছেন তাদের দ্বারা ১২ বছরে আলেম ওলামাদের নানাভাবে নিপীড়ন করা হয়েছে। বিশেষ করে হেফাজতের আন্দোলনের সময়। এ যে রাষ্ট্রের নিষ্ঠুর আচরণ। মানুষ যেন বিপন্ন। বাড়িতে থাকতে ভয় পাচ্ছে। রাস্তায় চলতে ভয় পায়।
দেশে ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে তিনি বলেন, সিলেটের এমসি কলেজে নারী ধর্ষণের ঘটনায় প্রমাণিত হয় যেন আদিম যুগ ফিরে এসেছে। তারপর নোয়াখালীর একলাশপুরে নারীর ওপর বীভৎস নিপীড়ন করা হলো। আর আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বলছে প্রলাপ। তার বিএনপিকে দোষারোপ করছে।
তিনি বলেন, এই সরকারের আমলে সারাদেশে নারী নির্যাতনের কলংকিত রুপ বিস্তার লাভ করেছে। আগামী বছর তারা আরো ভয়াবহতা নিয়ে আসবে। আজকে মানুষ আতংকিত বিচলিত ও শংকিত।
রিজভী বলেন, এই পরিস্থিতি আর চলতে পারেনা। সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকে কারো কোনো নিরাপত্তা নেই। রাষ্ট্রীয় অনাচার চলছে। ঘরে বসে থাকার সময় নেই।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051