ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচারের শিকার ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল বন্দরে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
বুধবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
এসব শিশু কিশোর ও কিশোরীরা যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফরিদপুর, ঢাকা, কেরানীগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার ও নড়াইল জেলার বাসিন্দা।
আইনি সহায়তা দিতে রাইটস যশোর ১০ জনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনকে গ্রহণ করেছে।
দেশের বিভিন্ন সীমান্তপথে তারা ভারতে গিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিল।
জাস্টিজ অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্তপথে দালালের মাধ্যমে তারা ভারতে যান। এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহায়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়। বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর দুই দেশের সরকারের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চায়, তাহলে দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইব্রাহিম আহম্মেদ জানান, ভারত ফেরত ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051