সাড়ে ৫ মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সাকিব আল হাসান। বুধবার ভোর রাতে ঢাকায় ফিরেছেন তিনি। আপাতত বনানীর বাসায়ই থাকবেন বাংলাদেশের এই অলরাউন্ডার। করোনাভাইরাস পরীক্ষা করানোর পর ফল ‘নেগেটিভ’ এলে শুরু হবে তার মাঠে ফেরার প্রস্তুতি।
গত মার্চে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। এপ্রিলের শেষ দিকে পৃথিবীর আলোয় আসে তার দ্বিতীয় সন্তান। পরিবারের সঙ্গে এই দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি।
দেশের বাইরে থেকে সাকিব আগেও ফিরেছেন বহুবার। তবে এবারের ফেরা একটু অন্যরকম। এবার ফেরার পর শুরু হবে তার ক্রিকেটে ফেরার লড়াইও। এক বছরের নিষেধাজ্ঞা শেষে আগামী ২৯ অক্টোবর থেকে আবার তিনি আনুষ্ঠানিকভাবে ক্রিকেটে ফিরতে পারবেন। করোনাভাইরাস পরীক্ষায় ‘নেগেটিভ’ হলেই তাই নেমে পড়বেন প্রস্তুতিতে।
নিষেধাজ্ঞার নিয়ম অনুযায়ী, বিসিবির কোনো ধরনের সুযোগ-সুবিধা তিনি ব্যবহার করতে পারবেন না। সাকিব তাই বেছে নিয়েছেন তার বেড়ে ওঠার প্রতিষ্ঠান বিকেএসপিকে। সেখানেই নিবিড়ভাবে চলবে তার অনুশীলন।
সাকিবের নিষেধাজ্ঞা যখন শেষ হবে, বাংলাদেশ দল তখন থাকবে শ্রীলঙ্কা সফরে। প্রথম টেস্ট ততদিনে শেষ হয়ে যাওয়ার কথা। বিসিবি সভাপতি নাজমুল হাসান কিছুদিন আগে বলেছেন, দ্বিতীয় টেস্ট থেকেই খেলানো হবে সাকিবকে। নিষেধাজ্ঞা শেষের দুই সপ্তাহ আগেই এই অলরাউন্ডারকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার ভাবনাও আছে। সেক্ষেত্রে তিনি অনুশীলন করবেন আলাদা করে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051