যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দিবাগত রাত ২টা ১০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
সাকিবের এবারের দেশে ফেরাটা অন্যরকমের। সবধরনের ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা শেষে দেশে ফিরলেন।
এর আগে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতির জন্য গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ছয় মাস পর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছিলেন সাকিব। কিন্তু তখনও নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে প্রায় দেড় মাসের মতো বাকি ছিল। তাই অনেকটা চুপিসাড়েই দেশে ফিরেছিলে তিনি। আর এবার মুক্ত হয়েই দেশে ফিরলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সেবার বিকেএসপিতে প্রায় এক মাসের মতো অনুশীলন করেছিলেন সাকিব। পরে শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় সেপ্টেম্বরের শেষের দিকে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি। চলতি নভেম্বর মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মধ্য দিয়ে আবার মাঠে দেখা যাবে সাকিবকে। আর এই টুর্নামেন্ট খেলতে মুখিয়ে আছেন সাকিব এমটাই জানিয়েছেন তিনি।
আগামী ০৯ নভেম্বর টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য মিরপুরে ক্রিকেটারদের ফিটনেস টেস্টে অংশ নেবেন সাকিব।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051