মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। বর্ষাকালের এই স্বাভাবিক বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগেই বৃষ্টি হয়েছে। তবে খুলনায় খুবই সামান্য বৃষ্টি হয়েছে।
এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ভোলায়, সেখানে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নিকলীতে ২০, ময়মনসিংহে ১৪, নেত্রকোনায় ১৩, সীতাকুণ্ডে ১৯, রাঙ্গামাটিতে ২৩, কুমিল্লায় ৩৫, ফেনীতে ৩৯, কক্সবাজারে ২০, সিলেটে ২৮, রাজশাহীতে ৩৪, বগুড়ায় ৩৩, বদলগাছীতে ৩৬, রংপুরে ৪০, তেঁতুলিয়ায় ৫৬, রাজারহাটে ২৫, বরিশালে ১৫ ও পটুয়াখালীতে ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
এ সময়ে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।
মঙ্গলবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051