বগুড়ায় মাদ্রাসার সীমানা প্রাচীর ধসে আইনুল হক (৫৫) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিশুসহ চারজন।
শুক্রবার দুপুরে শহরের চকফরিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বগুড়ার বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তারিকুল ইসলাম এ তথ্য দেন।
আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছেন।
আহতরা হলেন- মাদ্রাসা শিক্ষার্থীর অভিভাবক বগুড়া সদরের মাটিডালি এলাকার মোছা. মুক্তা খাতুন (৩৫), মক্তবের শিক্ষার্থী শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা এলাকার মো. হামিম (১২), কাহালুর মো. মেফতাজুল (৫) এবং ভাঙারি ক্রেতা ভ্যানচালক গাবতলীর বাগবাড়ীর মৃত গেদু মিয়ার ছেলে শুকুর আলী (৪৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া শহরের চকফরিদ এলাকার একটি মাদ্রাসার পশ্চিম-দক্ষিণ পাশে সীমানা প্রাচীর কয়েক মাস আগে হেলে পড়ে। ওই প্রাচীরের পাশে মাদ্রাসার রান্নাঘর। সেখানে থাকা পকেট গেট দিয়ে মাদ্রাসার লোকজন যাতায়াত ও নারী অভিভাবকরা সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে ভাঙারি ক্রেতা শুকুর আলী ভ্যান নিয়ে সেখানে আসেন। নৈশপ্রহরী আইনুল হক ওই ভ্যানচালককে তাড়িয়ে দিতে হেলে যাওয়া প্রাচীরের কাছে যান। এ সময় হঠাৎ বিকট শব্দে ওই প্রাচীরটি ধসে পড়ে। এতে আইনুল হক দেয়ালের নিচে চাপা পড়েন। আহত হন ভ্যানচালক শুকুর আলী, শিক্ষার্থী হামিম, মেফতাজুল ও অভিভাবক মুক্তা।
খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেন। সেখানে চিকিৎসকরা আইনুল হককে মৃত ঘোষণা করেন। পরে আহত চারজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
নৈশপ্রহরী আইনুল হক সিরাজগঞ্জ সদরের চরনান্দিনা গ্রামের মৃত মনসের শেখের ছেলে। তিনি প্রায় এক মাস আগে এখানে কাজে যোগ দেন।
আমিনুল ইসলাম নামে মাদ্রাসার শিক্ষক জানান, দেওয়াল ডিঙ্গিয়ে অনেকে মাদ্রাসার ভেতরে আসেন। নিষেধ করলেও কেউ শোনেন না। শুক্রবার দুপুরে কেউ আসার চেষ্টা করায় দেওয়ালটি ভেঙে পড়েছে। আর এতেই হতাহতের ঘটনা ঘটে।
বগুড়ার বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানান, নিহত নৈশপ্রহরীর পরিবারের সদস্যরা এসেছেন। তারা মামলা না করায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051