নাসা তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া অনুসন্ধানযান ভয়েজার ২-এর সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ ফিরে পেয়েছে। প্রত্যাশিত সময়ের চেয়ে বেশ আগেই তা ঘটল।
জুলাই মাসে মহাকাশযানটিকে একটি ভুল নির্দেশনা দেওয়ায় এর যোগাযোগ অ্যান্টেনার অবস্থান পরিবর্তন হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
১৯৭৭ সালে দূর মহাকাশে অনুসন্ধান চালানোর জন্য পাঠানো হয় ভয়েজার ২-কে।
এটি এখন পৃথিবী থেকে এক হাজার ২৩০ কোটি মাইলেরও বেশি দূরে রয়েছে। বিরতির পর হঠাৎ মঙ্গলবার ভয়েজার ২ থেকে একটি সংকেত পাওয়া যায়। এরপর নাসার পাঠানো একটি শক্তিশালী নির্দেশনা কার্যকর হওয়ায় এর অ্যান্টেনা আবার পৃথিবীর দিকে ঘুরেছে। নাসা আশা করেছিল, অক্টোবরে মহাকাশযানটি আবার রিসেট দেওয়ার পরই শুধু যোগাযোগ নতুন করে চালু হবে।
বিশাল দূরত্বের কারণে ভয়েজার ২-এর সঙ্গে বার্তাবিনিময়ের প্রক্রিয়া কাজ করেছে কি না, তা নিশ্চিত হতে মিশন কন্ট্রোলারদের দীর্ঘ ৩৭ ঘণ্টা লেগে যায়।
গত সোমবার মহাকাশ সংস্থা নাসা বলেছিল, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অবস্থিত তাদের বিশাল ডিশ ভয়েজার ২ থেকে সম্ভাব্য সংকেত শনাক্ত করার চেষ্টা করছে। তখন প্রথম অস্পষ্ট একটি সংকেত শোনা যায়।
ভয়েজার ২ এবং এর যমজ ভয়েজার ১ হলো সুদূর হেলিওস্ফিয়ারের বাইরে কাজ করা মানুষের পাঠানো একমাত্র মহাকাশযান।
সূত্র : বিবিসি
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051