
সুনামগঞ্জ-সিলেট সড়কের ওয়েজখালীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা সুপার ও সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মো. মইনুদ্দিন নিহত হয়েছেন। ট্রাকের ধাক্কায় তিনি ১০-১৫ গজ দূরে গিয়ে ছিটকে পড়েন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা মো. মইনুদ্দিন (৪০) সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের অমৃতশ্রী গ্রামের মাওলানা শফিকুল ইসলামের ছেলে। তিনি সুনামগঞ্জের শাহ মিলন (র.) দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৮টার দিকে সুনামগঞ্জ শহরতলির ওয়েজখালী এলাকায় জেলা আনসার ভিডিপি অফিসের উল্টোদিকে বিদ্যুতের পিলার বোঝাই একটি লরি পেছন দিক থেকে চালিয়ে সড়কে উঠছিল। এ সময় সুনামগঞ্জ শহরের দিকে আসতে থাকা মোটরসাইকেলটি দ্রুতগতিতে এসে লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ মাওলানা মঈনুদ্দিন ১০-১৫ গজ দূরে গিয়ে ছিটকে পড়েন। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় মঈনুদ্দিনকে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু জানান, নিহত মঈনুদ্দিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন। তিনি সদর উপজেলা জাতীয় পার্টির ধর্মবিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মাইনুদ্দিন স্ত্রী ও দেড় বছরের এক শিশু সন্তান রেখে গেছেন। সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ডবয় বোরহান উদ্দিন জানান, সোমবার সকালে দুজন লোক মৃত অবস্থায় মাওলানা মঈনুদ্দিনকে জরুরি বিভাগে এনে রেখে যায়। সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়।
এদিকে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা সুপার ও সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. মইনুদ্দিনের মৃত্যুতে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সদর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ভিন্নবার্তা/এমএসআই