মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় থাকায় আগামী দুদিন বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। তবে, পরবর্তী তিন দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ভারতের দক্ষিণ-পূর্ব ঝাড়খণ্ড এবং এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খেপুপাড়ায় সর্বোচ্চ ৩৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া ইশ্বরদীতে ২৩, চুয়াঙাঙ্গায় ২১, ফরিদপুর ১৭, মাদারীপুর, সাতক্ষীরা ও চাঁদপুরে ১৫ এবং বরিশালে ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় এক মিলিমিটার বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার সিলেট ও শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ-পূর্ব ঝাড়খণ্ড এবং এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।
আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ-পূর্ব অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৮ মিনিটে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051