নরসিংদীর রায়পুরা উপজেলায় দুই শিশু সন্তানকে মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাদের বাবা আল আমিনকে (৩২) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৩ মার্চ) সন্ধ্যায় অভিযান চালিয়ে নরসিংদী ডিবি পুলিশের একটি দল রায়পুরার শ্রীনিধি রেলওয়ে স্টেশন এলাকা থেকে দুই শিশু সন্তানসহ তাকে আটক করে।
আটকের পর তাদেরকে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে মুন্না ও মুন্নী নামে ওই শিশুকে নতুন পোশাক প্রদান করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
পুলিশ সুপার বলেন, শিশু দুটির বাবা আল আমিন মাদকাসক্ত। ইতোমধ্যে তাকে আটক করেছি আমরা। সে পুলিশের হেফাজতে আছে। শিশু দুটির পরিবারের অন্যান্য সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইন মতো ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ঘুম থেকে ডেকে তুলে দুই শিশুকে মারধর ও শিশু দুটিকে ফাঁসি দেওয়ার হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
খোঁজ নিয়ে জানা যায়, শিশু দুটোকে মারধর করা ওই ব্যাক্তি তাদের বাবা মো. আল আমিন (৩২)। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের শ্রীনিধি গ্রামের মৃত শাহাবুদ্দিন মিয়ার ছেলে। আল আমিন মাদকাসক্ত। তার স্ত্রী সাকিনা আক্তার (২৫) সৌদি প্রবাসী। শিশু দুটোর নাম মুন্না মিয়া (৬) ও মুন্নী আক্তার (৪)।
সাত বছর আগে চান্দেরকান্দি ইউনিয়নের শ্রীনিধি গ্রামের মোজাম্মেল হকের মেয়ে সাকিনা বেগমের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের আল আমিনের। সাত মাস আগে শিশু দুটির মা জীবিকার তাগিতে সৌদি আরবে যান। এদিকে আল আমিন নিয়মিত গাঁজা, ইয়াবাসহ নানা মাদক সেবন করেন। মাদকের টাকা না পাঠালেই দুই শিশুকে মারধর করে স্ত্রীর কাছে ভিডিও পাঠিয়ে টাকা আদায় করেন তিনি। সম্প্রতি দুই শিশুকে মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তাকে আটক করে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051