
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা-মদন সড়কে একটি যাত্রীবাহী বাস চালকের উপস্থিত বুদ্ধিতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন সড়কে পড়ে যাওয়া দুই মোটরসাইকেল আরোহী এবং অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন বাসের যাত্রীরা।
সোমবার (৯ মার্চ) দুপুরে মদন উপজেলার মৈধাম তেলের পাম্পের পূর্ব পাশে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় চলন্ত বাসটিকে রাস্তার পাশে ধান ক্ষেতে নামিয়ে দিতে বাধ্য হয় চালক।
স্থানীয় সূত্র জানায়,নেত্রকোনা থেকে যাত্রী নিয়ে মদনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস (নীল রঙের, ‘নেত্রকোনা-মদন’ লেখা) মৈধাম তেলের পাম্প এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাঁ পাশে থাকা সবুজ ধানের ক্ষেতে নেমে যায়।
বাসের চালক পলাশ এ ঘটনার রোমহর্ষক বর্ণনা দেন। তিনি জানান,বাসটি স্বাভাবিক গতিতেই চলছিল। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীসহ বাসের ঠিক সামনে মূল সড়কের ওপর পড়ে যায়। চোখের সামনে ওই দুই মোটরসাইকেল আরোহীর জীবন বাঁচাতে চালক পলাশ তাৎক্ষণিকভাবে বাসটিকে সড়কের বাঁ দিকে নামিয়ে দেন। এরপর বাসটি আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, সেটি সোজা গিয়ে পাশের ধান ক্ষেতে নেমে যায়।
চালক পলাশ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, “ওই দুজনকে আমি বাঁচিয়েছি। গাড়ি সোজা ক্ষেতে নামিয়ে দেওয়ায় আমার গাড়ির যাত্রীদেরও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কয়েকজন সিট থেকে একটু ছিটকে পড়ে সামান্য ব্যথা পেয়েছেন, তবে গুরুতর আহত বা হাসপাতালে নেওয়ার মতো অবস্থা কারও সৃষ্টি হয়নি।”
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসের যাত্রীদের নিরাপদে উদ্ধার করতে সহায়তা করেন এবং পরিস্থিতি স্বাভাবিক করেন। বাসটি হেলে না পড়ে সোজা হয়ে কাদামাটিতে আটকে যাওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051