কুমিল্লায় দুই ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, গাড়ি ভাঙচুর ও ৭ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সোমবার (১২ জুলাই) কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
রোববার (১১ জুলাই) দিবাগত রাতে জেলার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা এলাকায় রেন্ট-এ কার ব্যবসায়ী সুমন মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এর আগের দিন শনিবার জেলার আদর্শ সদর উপজেলার চাঁনপুর ব্রিজের দক্ষিণ পাশে জুয়েল হোসেন নামে এক গরু খামারির ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর এবং ৭ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
পৃথক দু'টি ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে একই উপজেলার ভারত সীমান্তবর্তী বড়জ্বালা গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী শাহিন মিয়া, তার ভাই জহির এবং ওই এলাকার হান্নানসহ ৪/৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীরা মাদক এবং চোরাকারবারি বলে জানা গেছে। এসব ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে কুমিল্লা ডেইরি ফার্মের সত্ত্বাধিকারী জুয়েল হোসেন গরু বিক্রির ৭ লাখ ৩০ হাজার টাকা নিয়ে নিজ প্রাইভেটকার যোগে বাসায় ফিরছিল। জেলার আদর্শ সদর উপজেলার চাঁনপুর ব্রিজের দক্ষিণ পাশে আসলে মাদক কারবারি শাহিন, জহির, হান্নানসহ বেশ কয়েকজন অপর একটি প্রাইভেটকার নিয়ে এসে ব্যবসায়ী জুয়েল হোসেনের গাড়িটিকে ঘিরে ফেলে। এ সময় তারা গাড়িটি ব্যাপক ভাঙচুর এবং তাকে মারধর করে ৭ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ওই ব্যবসায়ীর চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এদিকে, ব্যবসায়ী জুয়েল হোসেনের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় জড়িতরাই রোববার রাতে উপজেলার মাঝিগাছা এলাকায় রেন্ট-এ কার ব্যবসায়ী সুমনকেও কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় সুমনের স্ত্রী বিথী আক্তারের স্বর্ণের চেইন ছিনতাই এবং তাকে শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ করা হয়।
আলোচিত এ দুটি ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী জুয়েল হোসেন এবং ব্যবসায়ী সুমনের স্ত্রী বিথী আক্তার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় পৃথক মামলা দায়ের করেছেন। তবে এখনো গ্রেফতার হয়নি আসামিরা।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ছত্রখিল ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম কিবরিয়া জানান, পৃথক দুটি ঘটনার অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। এসব ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051