হেলসিংকিতে দুই দিনের যাত্রাবিরতি শেষে আজ রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় আগামীকাল সোমবার ভোর ৪টায়) নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরো পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা থেকে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির উদ্দেশে রওনা হন।
জানা গেছে, নিউ ইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে সাধারণ বিতর্কে ভাষণ দেবেন। ১৯৭৪ সালে জাতিসংঘে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ অনুসরণ করে প্রধানমন্ত্রী বিগত বছরগুলোর মতো এবারও বাংলায় তাঁর ভাষণ দেবেন।
সফরসূচি অনুযায়ী, আগামী ২০ সেপ্টেম্বর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বানে জলবায়ু পরিবর্তন নিয়ে রাষ্ট্র ও সরকার প্রধানদের একটি ছোট দলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেবেন শেখ হাসিনা। পরে তিনি একটি গাছ লাগাবেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর সম্মানে জাতিসংঘ সদর দপ্তরের উত্তর লনে ইউএন গার্ডেনে একটি বেঞ্চ উত্সর্গ করবেন। সেদিন বিকেলে প্রধানমন্ত্রী ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক’ শীর্ষক একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেবেন।
২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত ‘ব্যবসাবিষয়ক গোলটেবিল : ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী ২২ সেপ্টেম্বর ‘ডারবান ডিক্লারেশন অ্যান্ড প্রগ্রাম অব অ্যাকশন’ গ্রহণের ২০তম বার্ষিকী উপলক্ষে সাধারণ পরিষদের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। এ ছাড়া তিনি ‘হোয়াইট হাউস বৈশ্বিক কভিড-১৯ শীর্ষ সম্মেলন : মহামারির সমাপ্তি এবং আরো ভালো অবস্থা গড়ে তোলা’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন এবং বক্তব্য দেবেন।
নিউ ইয়র্ক সময় ২২ সেপ্টেম্বর বিকেলে শেখ হাসিনা ‘রোহিঙ্গা সংকট : একটি টেকসই সমাধানের জন্য করণীয়’ শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেবেন ও বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক সময় আগামী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সুইডিশ মিশন আয়োজিত ‘জাতিসংঘের সাধারণ কর্মসূচি : সমতা ও অন্তর্ভুক্তি অর্জনের পদক্ষেপ’ শীর্ষক নেতাদের নেটওয়ার্কের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব আয়োজিত ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দশক কর্মসূচির অংশ হিসেবে খাদ্য ব্যবস্থা বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
জানা গেছে, নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিব ও ইইউ কাউন্সিলের প্রেসিডেন্টসহ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করবেন। নিউ ইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রী আগামী ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে যাবেন। সেখানে প্রায় এক সপ্তাহ অবস্থান শেষে আগামী ৩০ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্র ছাড়বেন। হেলসিংকিতে যাত্রাবিরতি শেষে আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051