লালমনিরহাটের আনসারউল্লাহ বাংলাটিমের দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই দুইজনসহ ৫ জনকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) দুপুরে বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ও জেলা দায়রা জজ মো. মিজানুর রহমান এ আদেশ দেন।
অস্ত্র আইনে যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার মুশরতমদাতী এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র হাসান আলী, একই এলাকার আব্দুল জলিলের পুত্র আসমত আলী। অপর মামলায় তাদের ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
১০ বছর কারাদণ্ডপ্রাপ্ত অন্য ৩ জন হলেন- কালীগঞ্জ উপজেলার চরভোটমারী এলাকার মুনছার আলীর পুত্র শাফিউল ইসলাম, কালীগঞ্জের মুশরাতমদাতী এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র নাইম মিস্টার এবং একই এলাকার সিরাজুল ইসলামের পুত্র আলী হোসেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে অক্টোবর মাসের ৩০ তারিখ র্যা ব-১৩ সন্ধ্যার দিকে কালীগঞ্জের মুশরতমদাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাড়ি থেকে নাশকতামূলক গোপন বৈঠক করার সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলাটিমের ওই ৫ সদস্যকে আটক করে। এ সময় হাসান আলী ও আসমত আলীর কাছ থেকে বিদেশি পিস্তল, ফায়ারিং পিন ও ট্রিগারযুক্ত ১টি ম্যাগাজিন ও ২টি তাজা গুলি উদ্ধার করা হয়।
পরে দীর্ঘ সময় ধরে মামলার সাক্ষী ও প্রমাণাদি পর্যালোচনা করে মঙ্গলবার লালমনিরহাটের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ও জেলা দায়রা জজ ও বিচারক মো. মিজানুর রহমান হাসান আলী ও আসমত আলীকে অস্ত্র আইনে যাবজ্জীবন কারাদণ্ড ও ওই দুইজনসহ শাফিউল ইসলাম, নাইম মিস্টার এবং আলী হোসেনকে ১০ বছর কারাদণ্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডাদেশ প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকমল হোসেন বলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলাটিমের দুইজনকে অস্ত্র আইনে যাবজ্জীবন ও ৫ জনকে বিস্ফোরক আইনে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক এ আদেশ দিয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051