
নেত্রকোনা প্রতিনিধিঃ পাহাড়ি নদী সোমেশ্বরীর উপর দিয়ে শিবগঞ্জ-দুর্গাপুর দুইপাড়ের সাধারণ মানুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের প্রতিদিন নদী পার হতে গিয়ে পোহাতে হয় চরম বিড়ম্বনা। অবশেষে সেই নাজুক পরিস্থিতির অবসান ঘটেছে। নদীর বুকে নির্মিত হয়েছে প্রায় ছয়শো মিটার দীর্ঘ দুই লেনবিশিষ্ট দৃষ্টিনন্দন বাঁশ ও কাঠের সেতু।
আর ফিতা কেটে এই স্বপ্নের সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিশু শিক্ষার্থীরা।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুটি সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এলাকার মানুষের যাতায়াতের কষ্ট লাঘবে সম্পূর্ণ নিজ অর্থায়নে প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
জানা যায়,সেতুটি কেবল পথচারী নয়; বরং রিকশা, ভ্যান, মোটরসাইকেল এমনকি প্রাইভেটকার চলাচলের উপযোগী করে দুই লেনে তৈরি করা হয়েছে। সেতুটি চালুর মধ্য দিয়ে দুই পাড়ের মানুষের জীবনযাত্রা ও গ্রামীণ অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হয়েছে। মানবিক এমন উদ্যোগের পাশাপাশি সেতুটির পরিচালনা ও অর্জিত আয়ের ক্ষেত্রেও নেওয়া হয়েছে অনন্য সিদ্ধান্ত। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ঘোষণা দিয়েছেন, সাধারণ পথচারীদের জন্য পারাপার উন্মুক্ত থাকলেও শুধুমাত্র যানবাহন থেকে সামান্য টোল আদায় করা হবে। আর সেই টোল থেকে প্রাপ্ত লভ্যাংশের পুরো টাকাটাই ব্যয় করা হবে স্থানীয় মসজিদ, মন্দির এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে।
প্রতিদিনের নদী পারাপারের ভোগান্তি থেকে মুক্তি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে স্থানীয় শিক্ষার্থীরা। স্কুলশিক্ষার্থী রাজেশ্বরী রায় নিজের অনুভূতি জানাতে গিয়ে বলে, ‘নদীর ওপর কোনো সেতু না থাকায় প্রায় প্রতিদিনই স্কুলে যেতে আমাদের চরম সমস্যায় পড়তে হতো। এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের কথা ভেবে ডেপুটি স্পিকার এবারও কাঠের সেতু তৈরি করে দিয়েছেন, এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। তবে ওনার কাছে আমাদের একটাই দাবি- তিনি যেন সোমেশ্বরী নদীর ওপর স্থায়ী পাকা সেতু নির্মাণ করে দেন।’
অপর শিক্ষার্থী আহমেদ ওমর তাসবী বলে, ‘ব্যারিস্টার কায়সার কামাল আমাদের কাছে নৈতিক শিক্ষার এক আলোকবর্তিকা। তিনি একজন মহান ও মানবিক মানুষ। তার কথা ও কাজের মিল রয়েছে বলেই মহান আল্লাহ তাকে এত বড় আসনে বসিয়েছেন। অবহেলিত এলাকায় এত বড় কাঠের সেতু নির্মাণ করে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাই। এই উদ্যোগ আমাদের শিক্ষা ও ভবিষ্যৎ অগ্রগতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সেতু উদ্বোধনকালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শুরুতেই দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুর রব। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান কবীর সরকার এবং সাধারণ সম্পাদক শাহআলম।
এছাড়াও স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সেতু পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051