নাটোরের গুরুদাসপুরের ধারাবারিষা ইউনিয়নের খাকড়াদহ ফকিরপাড়া গ্রামে রাজনৈতিক বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টায় ওই গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা মরহুম আহাদ আলী মণ্ডলের ছেলে যুবলীগের নেতা হাবিবুর রহমান, তার চাচাতো ভাই শরিফুল ইসলাম ও আরিফুল ইসলামের নেতৃত্বে প্রতিবেশী শামসুর রহমানের ছেলেদের ওপর অতর্কিত হামলা করে। অন্তত ৬ রাউন্ড গুলি করে। ওই সময় আব্দুল আজিজ মাস্টারের ছেলে রিপন সরকার ও শামসুর রহমানের ছেলে মোখলেছুর রহমান, সাকা প্রামাণিকের ছেলে হেলাল গুলিবিদ্ধ এবং শামসুর রহমানের ছেলে ফালাবিদ্ধ হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ রিপন সরকারকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। গুলিবিদ্ধ রিপন সরকার বলেন, অন্তত ১০ রাউন্ড গুলি করেছে আরিফ। আরিফের গুলি তার পায়ে লেগেছে।
হাবিবুর রহমানের চাচা মোশাররফ হোসেন মুসা জানান, তার ভাতিজারা বরাতের বাড়ির সামনে এলে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এতে তার ভাতিজা আরিফ ফালাবিদ্ধ। তবে কোনো গুলির ঘটনা ঘটেনি।
কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন ইসলাম বলেন, রিপনের ডান পায়ের হাঁটুর নিচে গুলি করা হয়েছে। তার পায়ের ভিতরে গুলি রয়েছে। ওই জায়গায় অসংখ্য রক্তনালী থাকায় গুলি বের করা সম্ভব হয়নি। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মোখলেস ও হেলালের গুলি সাইড কেটে বেড় হয়ে গেছে। অন্যরাও আহত হয়েছেন। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, ঘটনার তদন্ত চলছে। তবে গুলির বিষয়ে তিনি এড়িয়ে যান।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051