ভিন্নবার্তা প্রতিবেদক: কিউলেক্স মশার প্রকোপ নিয়ন্ত্রণে বিশেষ মশক নিধন অভিযান শুরু, কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পেলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিঁয়ারি দিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার বংশবিস্তার রোধ করতে হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর রূপনগর এলাকায় কিউলেক্স মশার প্রকোপ নিয়ন্ত্রণে মশক নিধন অভিযান উদ্ভোধনকালে তিনি এসব কথা বলেন। ২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর, পর্যন্ত শুক্রবার ও শনিবার ব্যতীত মোট ৬ দিনব্যাপী বিশেষ মশক নিধন অভিযান চলবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জোবায়দুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় কাউন্সিলর মোঃ তফাজ্জল হোসেন টেনু উপস্থিত ছিলেন।
তিনি বলেন, নিজেদের সুস্থতার জন্যই লজ্জা পরিহার করে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ এই স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে চলমান সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।
স্থানীয় কাউন্সিলরের দাবীর প্রেক্ষিতে মেয়র বলেন, রাজউক অনুমোদিত নকশা মোতাবেক নির্ধারিত জায়গাতেই কমিউনিটি সেন্টার, পার্ক ও খেলার মাঠ করা হবে, এর কোন ব্যত্যয় সহ্য করা হবেনা। তিনি বলেন, অপরিকল্পিত ঢাকাকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি সুস্থ্য, সচল ও আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, ইতোমধ্যে চিহ্নিত কিউলেক্স মশার ৯২৫টি হটস্পটের উল্লেখযোগ্য সংখ্যকই ডিএনসিসি বহিৰ্ভূত রাজউক ও পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সংস্থা ও দপ্তরের আওতাভূক্ত হওয়ায় সরকারী, বেসরকারী, স্বায়ত্তশাসিত কিংবা ব্যক্তিগত সকলকেই মশক নিধনে এগিয়ে আসতে হবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051