
মোস্তাফিজুর রহমান তারা,রৌমারী (কুড়িগ্রাম): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম–৪ (রৌমারী–রাজিবপুর) সংসদীয় আসনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন প্রশাসন।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আলাউদ্দিনের দক্ষ নেতৃত্বে নির্বাচনী কার্যক্রমে যুক্ত প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের জন্য ধারাবাহিক ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রশিক্ষণে ভোটগ্রহণ সংক্রান্ত আইন ও আচরণবিধি, ব্যালট ও ভোটগ্রহণ সামগ্রী ব্যবস্থাপনা, ভোটকেন্দ্র পরিচালনা, ফলাফল প্রেরণ পদ্ধতি এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল বিস্তারিতভাবে তুলে ধরা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ভোটারদের নিরাপত্তা, ভোটের গোপনীয়তা রক্ষা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ওপর।
রিটার্নিং কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেন, “নির্বাচন শুধু একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, এটি গণতন্ত্রের প্রতি জনগণের আস্থার প্রতিফলন। আমরা চাই, রৌমারীর প্রতিটি ভোটার যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”
তিনি আরও জানান, প্রশিক্ষণের ফলে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ববোধ, দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে, যা একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় করা হয়েছে। ভোটকেন্দ্রভিত্তিক ঝুঁকি মূল্যায়ন, পর্যবেক্ষণ ও মনিটরিং টিম গঠনসহ সার্বিক নিরাপত্তা পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে।
এছাড়া নির্বাচনকে সুশৃঙ্খল ও নিরপেক্ষ রাখতে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিকভাবে নির্বাচনী এলাকায় টহল পরিচালনা করবেন, যাতে যেকোনো অনিয়ম বা আইনশৃঙ্খলা বিঘ্নকারী পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়।
স্থানীয় সচেতন মহলের মতে, রিটার্নিং কর্মকর্তার সুপরিকল্পিত উদ্যোগ, প্রশাসনের সমন্বিত কার্যক্রম ও কঠোর নজরদারির ফলে কুড়িগ্রাম–৪ আসনে একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, যা গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও সুদৃঢ় করবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051