
দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি, আঞ্চলিক স্থিতিশীলতা ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারিভিত্তিক উদ্যোগের পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মানুষে মানুষে সম্পর্ক আরও শক্তিশালী করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্র সচিব ও সার্ক কালচারাল সোসাইটির উপদেষ্টা মসয়ুদ মান্নান।
রোববার বিকেলে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সার্ক কালচারাল সোসাইটির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মসয়ুদ মান্নান বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি না পেলে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এ ক্ষেত্রে সাংস্কৃতিক বিনিময় ও মানুষের সরাসরি সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সার্ক কালচারাল সোসাইটির কার্যকরী সভাপতি এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক সুজন দে।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সার্ক গঠনের উদ্যোগ নিয়েছিলেন। পরবর্তীতে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ সার্কের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় কার্যক্রম শুরু করেন। তবে ভারত ও পাকিস্তানের পারস্পরিক সমন্বয়হীনতার কারণে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে সার্ক কার্যত অকার্যকর অবস্থায় রয়েছে।
বক্তারা আরও বলেন, বর্তমান বাস্তবতায় সার্কভুক্ত দেশগুলোর সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করাই আঞ্চলিক সম্পর্ক উন্নয়নের কার্যকর পথ। সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষে মানুষে সম্পর্ক গড়ে তোলা তুলনামূলকভাবে সহজ ও টেকসই।
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন মনির, এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, আব্দুল জলিল, কবি নজরুল বাঙালি ও নরেশ হালাদার। এছাড়া বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুজন দে, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ বিপ্লব ও ইশতিয়াক আহমেদ রিগান, যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক ড. জাহাঙ্গীর আলম ও নিয়াজ মাহমুদ সোহেলসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিনা খান, পারভেজ অনিক, রেদওয়ান আবির চৌধুরী জয়, রাজন আহমেদ শিশির, মেহেদী হাসান ইমন, জিনিয়া জোসনা, মলয় নাথ, মো. খায়রুল আলম, রবিউল আলম রবি, সামান্তা শাহিন, মঞ্জুর হোসেন ঈসা, এম. আজমল খান, মো. কাইয়ুম খান, আমজাদ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051