নারীকে থানায় ডেকে শ্লীলতাহানির অভিযোগে বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ২৪ মে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালে মামলাটি দায়ের করা হলেও সোমবার তা জানাজানি হয়।
অভিযোগকারী নারী বরিশাল নগরীর সাগরদী ধান গবেষণা এলাকার বাসিন্দা। গত বছরের ১৬ অক্টোবর কোতোয়ালি মডেল থানার একটি কক্ষে এসআই আসাদুল তার শ্লীলতাহানি করেন বলে ওই নারীর অভিযোগ।
অভেযোগকারী বলেন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার এতদিন মামলা দায়ের করেননি তিনি। ২৪ মে মামলা দায়ের করলেও পুলিশের চাপের তাৎক্ষণিকভাবে তা প্রকাশ করেননি তিনি।
ওই নারীর পক্ষের আইনজীবী আসাদুজ্জামান হাওলাদার বলেন, ২৪ মে মামলা দায়েরের পর আদালত অভিযোগটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
প্রতিবেশীর সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ সংশ্লিষ্ট বিষয়ে গত বছরের ২৭ সেপ্টেম্বর ওই নারী কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। জিডির তদন্ত কর্মকর্তা এসআই আসাদুল তদন্তের জন্য তাকে থানায় ডেকে নিয়ে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ তার।
মামলার এজাহারে তিনি উল্লেখ করেছেন, জিডির তদন্তের জন্য ডাকা হলে গত বছর ১৬ অক্টোবর তিনি কোতোয়ালি মডেল থানায় যান। ওইদিন এসআই আসাদুল নানা অজুহাত দেখিয়ে তাকে দীর্ঘসময় বসিয়ে রাখেন। এক পর্যায়ে একটি আবেদনপত্র গ্রহণের অজুহাত দেখিয়ে নারীর স্পর্শকাতার স্থানে স্পর্শ করেন। ঘাড়ে চুমু দেন। তাকে জোরপূর্বক জড়িয়ে ধরে বিয়ের প্রস্তাব দেন। ওই সময় নারীর স্বামী এসে পড়লে তাকে ছেড়ে দেওয়া হয়।
এতে আরও উল্লেখ করেছেন, ওই সময়েই ঘটনাটি ওসি নুরুল ইসলামকে মৌখিকভাবে জানানো হয়। তিনি নারী উপ-পরিদর্শক রুমা পারভীনকে দিয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গত ২৩ মে রুমা পারভীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তাকে ওসি এ সংক্রান্ত কোনো নির্দেশ দেননি। এরপর থানায় মামলা দিতে চাইলে ওসি এজাহার গ্রহণ করতে চাননি। পরদিন ওই নারী আদালতে মামলাটি দায়ের করেন।
অভিযোগের বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত করা হচ্ছে।
অভিযুক্ত এসআই আসাদুল ইসলাম বলেন, জিডির তদন্ত প্রতিবেদন মনমতো না হওয়ায় তাকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানোর চেষ্টা চলছে।
জেলা পিবিআইয়ের পুলিশ সুপার হুমায়ন কবীর জানান, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতহানির অভিযোগ তদন্ত সংক্রান্ত আদালতের আদেশ সোমবার পর্যন্ত তিনি পাননি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051