দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর বরখাস্তকৃত ব্যক্তিগত কর্মকর্তা (পিও) শাহিদুর রহমান সুজনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে সাভার পৌরসভার বনপুকুরের মালঞ্চ আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সুজনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহিল কাফি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি সুজনের গ্রেপ্তারের খবরে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘কেউই আইনের ঊর্ধ্বে নয়। আমি অন্যায়কে প্রশ্রয় দেই না। আমার স্পষ্ট বার্তা হচ্ছে, অন্যায় যে করবে তাদের প্রতি কোনো রকম অনুকম্পা নয় এবং বরাবরের মতোই অন্যায়কারীর প্রতি শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বজায় থাকবে।’
গত বুধবার বিকেল ৫টার দিকে সুজন প্রকাশ্যে মারধর করেন আবদুল লতিফ নামের ফুডপান্ডার (অনলাইনে খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান) এক রাইডারকে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি মারধরের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়।
শাহিদুর রহমান সুজন ফুডপান্ডার মাধ্যমে হালিম অর্ডার করেছিলেন। রোজা থেকে সেই খাবার নিয়ে চার তলায় না ওঠায় সুজন নিচে নেমে এসে রাইডার আবদুল লতিফকে মারধর করেন।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, ফুডপান্ডার এক রাইডারকে মারধরের ঘটনাটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে তা পুলিশ সদর দপ্তরের নজরে আসে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর দপ্তর থেকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলে শাহিদুর রহমান সুজনকে নজরদারির মধ্যে রাখা হয়। মারধরের শিকার ফুডপান্ডার রাইডার শনিবার সাভার থানায় এ ব্যাপারে মামলা করলে পুলিশ সুজনকে গ্রেপ্তার করে।
দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ গত ৩১ মার্চ আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী শাহিদুর রহমান সুজনকে। তার আগে পাঁচ মাস ধরে তাঁকে সব ধরনের দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051