
মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। দলের দীর্ঘদিনের ত্যাগী, আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে কোনো কমিটি গঠন করা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
শনিবার (২৩ মে) দুপুরে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত’র চারিগ্রামস্থ বাসভবন প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে সক্রিয় ছিলেন, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, আগামী কমিটিতে তাদেরই অগ্রাধিকার দিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. মো. শফিউদ্দীন। বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন, খান মো. হাবিবুল আলম মোহাম্মদ আলী, আমজাদ হোসেন, আব্দুল মান্নান, আব্দুল গফুর, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ, সাবেক যুগ্ম-সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন, ছানোয়ার হোসেন, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, দলের ভেতরে কিছু সুবিধাবাদী ও নিষ্ক্রিয় ব্যক্তিকে সামনে আনার চেষ্টা চলছে। ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিতর্কিত বা আওয়ামী লীগের ঘনিষ্ঠদের নিয়ে কোনো কমিটি গঠন করা হলে তা মেনে নেওয়া হবে না। তারা বলেন, “রাজপথের পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন না হলে সংগঠন দুর্বল হয়ে পড়বে।”
নেতারা আরও দাবি করেন, সিংগাইরের রাজনীতিতে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছেন। তাই নতুন কমিটি গঠনের ক্ষেত্রে তার মতামতকে গুরুত্ব দিতে হবে।
উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিকুল ইসলাম সফিকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক কাজী আনোয়ার, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম, সদস্য সচিব মাহমুদুর রহমান গোলাপ এবং পৌর যুবদলের সদস্য সচিব সফিকুল ইসলাম জীবন,বায়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাবেক পৌর কাউন্সিলর আকরাম হোসেন, মহিলা দল নেত্রী লাইলী বেগম, পৌর কৃষকদলের সভাপতি মজিবুর রহমান।
সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটি গঠনের আহ্বান জানান।
উল্লেখ্য, সম্প্রতি মানিকগঞ্জ জেলার কয়েকটি উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর থেকেই নতুন কমিটি গঠন নিয়ে জেলায় রাজনৈতিক তৎপরতা বেড়েছে।