
করোনার অতিমারিতে চাকরি খুইয়েছেন বিপুলসংখ্যক মানুষ। আয় কমেছে অনেকের। বেড়েছে নতুন দরিদ্রের সংখ্যাও। এই সংকটকালেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের। এমন পরিস্থিতিতে সুলভে নিত্যপণ্যের জন্য নিম্নবিত্ত মানুষের স্বস্তির ঠিকানা হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাজার স্থিতিশীল রাখতে ভোক্তাদের কম দামে পণ্য সরবরাহ করতে সারা দেশে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। নানা শ্রেণি-পেশার মানুষ বাধ্য হয়ে কম দামে পণ্য কিনতে টিসিবির ট্রাক সেলে ভিড় করছে। অনেকের ধারণা, স্বল্প বা নিম্ন আয়ের লোকজনই শুধু টিসিবির ট্রাক থেকে পণ্য কেনে। কিন্তু করোনা মহামারিতে এই ছবি বদলে গেছে অনেকটাই। অনটনে পড়ে লাইনে দাঁড়াচ্ছে মধ্যবিত্ত শ্রেণির মানুষও।
গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, টিসিবির ডিলার কোয়ালিটি জেনারেল স্টোর রাজধানীর দক্ষিণ কুড়িল জোয়ারসাহারা বাজার মোড়ে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করছে। কম দামে পণ্য নিতে দীর্ঘ লাইন পড়েছে ট্রাকের সামনে। সেই লাইনে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মিলেমিশে একাকার। তেজি রোদে দীর্ঘ সময় অপেক্ষার পর পণ্য কিনতে পারছে তারা। ক্রেতা-বিক্রেতাদের মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব মানতে কাউকে দেখা যায়নি। ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ ১০০ টাকা কেজি দরে দুই লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে দুই থেকে চার কেজি চিনি এবং ৫৫ টাকা দরে দুই কেজি ডাল কিনতে পারছে।
এর মধ্যে দুপুর ১টা বাজতেই বিক্রয়কর্মীরা লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনকে জানিয়ে দিলেন, সয়াবিন তেল শেষ। এখন শুধু ডাল ও চিনি নিতে পারবে। যারা শুধু তেল নিতে এসেছিল তারা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরেছে।
ট্রাক সেলের বিক্রয়কর্মী রাশেদ কাজী বলেন, ‘যত পরিমাণ পণ্য বরাদ্দ করা হয়, তার চেয়ে ক্রেতার সংখ্যা অনেক বেশি। এখন তেলের চাহিদা সবচেয়ে বেশি। যারা এখানে কিনতে আসে, সবাই তেল কেনে। তাই প্রতিদিন তেল আগেই শেষ হয়। এখন প্রতি ট্রাকের জন্য ৭০০ কেজি চিনি, ৪০০ কেজি ডাল এবং ৪০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ থাকছে।’ তিনি বলেন, ‘আগে শুধু অল্প আয়ের মানুষ টিসিবির থেকে পণ্য কিনত। এখন অনেক মধ্যবিত্তও লাইনে দাঁড়াচ্ছে। কারণ এখান থেকে দুই লিটার তেল নিতে পারলে ১০০ টাকার বেশি তাদের সাশ্রয় হচ্ছে।’
লাইনে দাঁড়ানো রুচিশীল পোশাকের বেশ কয়েকজনকে দেখে চোখ আটকে যায়। কথা বলতে চাইলে তাঁদের অনেকেই লজ্জায় কথা বলতে চাননি। এর মধ্যে একজন ইকবাল হোসেন, চাকরি করেন এনজিওতে। করোনার শুরু থেকেই তিনি অর্ধেক বেতন পাচ্ছেন। ওই টাকায় কোনোমতে খাবার জুটলেও বাসাভাড়া দিতে হিমশিম খাচ্ছেন। তিনি বলেন, ‘বাধ্য হয়েই লাইনে দাঁড়িয়ে টিসিবির ট্রাক থেকে নিয়মিত পণ্য কিনে নিচ্ছি। কিছু করার নেই, এখন বাজারে তেলের যা দাম, লাইনে দাঁড়িয়ে কিছু কম দামে নিতে পারলে খারাপ কি। সরকার তো বলে দেয়নি যে মধ্যবিত্তরা লাইনে দাঁড়াতে পারবে না। পেটে খাবার না থাকলে লজ্জা পেয়ে কী হবে। এখানে ১০০ টাকা দরে তেল নিতে পারছি। দোকান থেকে নিলে প্রতি লিটার ১৫০ টাকার নিচে দেবে না। এখানে চিনি ও ডালের দামও অনেক কম। যেহেতু বেতন অর্ধেক পাচ্ছি, তাই কিভাবে একটু খরচ কমানো যায় সেই চিন্তাই করি।’
কোলে দেড় বছরের ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিলেন মিনারা খাতুন। কথা বলতে চাইলে তিনি বলেন, ‘দুই ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, যখন ট্রাকের কাছাকাছি এলাম তখন জানলাম, তেল শেষ। আমি মূলত এসেছি তেল কেনার জন্যই। আমার মতো অনেকে লাইনে দাঁড়িয়েছিল তেল কেনার জন্য। তেল নেই শুনে অনেকেই চলে গেছে।’
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক গবেষণায় উঠে এসেছে, করোনার কারণে গত বছর থেকে এ পর্যন্ত বেকার হয়েছেন ২৬ লাখের বেশি মানুষ। কর্মজীবীদেরও আয় কমেছে উল্লেখযোগ্য হারে। টিসিবির একটি সূত্র জানিয়েছে, করোনায় সাধারণ ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করার লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে বিপণন কার্যক্রম চলছে। দেশজুড়ে টিসিবির ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০টি এবং চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাক রয়েছে। এ ছাড়া প্রতিটি মহানগর ও জেলা শহরে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ