
রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করাসহ সাত দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কলেজের সামনের সড়ক অবরোধ করেন তারা। এতে মহাখালী থেকে গুলশান-১–এ যাওয়ার বীর উত্তম এ কে খন্দকার সড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় মানুষ ভোগান্তিতে পড়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার থেকে তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের মূল ফটকের সামনে অনশন করেন। এতে মোট ১২ জন শিক্ষার্থী অনশনে যুক্ত হয়েছিলেন। তাদের মধ্যে অসুস্থ হয়ে পড়ায় আজ দুজনসহ এখন পর্যন্ত মোট ছয়জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে নতুন ভর্তি হওয়া দুই শিক্ষার্থী হলেন- উদ্ভিদবিজ্ঞান বিভাগের মফিজুল ইসলাম ও বাংলা বিভাগের আবু নাঈম। তাদের রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, তিতুমীর কলেজের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঢাকার সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এ ক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। এ অবস্থায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051