ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র গরমে বেঁকে যাওয়া রেললাইন ৯ ঘণ্টার চেষ্টায় স্বাভাবিক করা হয়েছে। এর মধ্য দিয়ে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল শুরু হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে মেরামতকাজ শেষে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার দারিয়াপুর এলাকায় রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটে। রাত ৮টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম।
গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে একই এলাকায় রেললাইন বেঁকে কনটেইনার বহনকারী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।
রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের সাতটি বগি দারিয়াপুর এলাকায় লাইনচ্যুত হয়। এরপর থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ৩০ ঘণ্টা চেষ্টা চালিয়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে লাইনটি সচল করে। ১৬ ঘণ্টার ব্যবধানে একই স্থানে আবারও রেললাইন বেঁকে যাওয়ায় শনিবার বেলা ১১টার দিকে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে কচুরিপানা এবং পানি দিয়ে রেললাইন ঠান্ডা করেন রেলকর্মীরা।
আখাউড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান মোহাম্মদ তারেক বলেন, ‘অতিরিক্ত তাপমাত্রার কারণে দারিয়াপুর এলাকায় রেললাইন আবার বেঁকে গিয়েছিল। পানি ও কচুরিপানা দিয়ে রেললাইন ঠান্ডা করা হয়েছে। চট্টগ্রাম-সিলেটমুখী ডাউনলাইনও কয়েকটি জায়গায় বেঁকে গেছে। রাতে সেটি সচল করা হয়েছে। এখন ঢাকা, সিলেট ও চট্টগ্রামের সব ট্রেন চলাচল করছে। তবে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে সদর উপজেলার তালশহর রেলওয়ে স্টেশন পর্যন্ত ডাউনলাইনের সব ট্রেনকে ২০ কিলোমিটার গতিতে চালানোর জন্য লোকোমাস্টারদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, ঢাকা-সিলেট এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথের দারিয়াপুরে বেঁকে যাওয়া আপলাইনের ওপর দিয়ে প্রতিদিন ২৩ জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল করে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051